উত্তর কোরিয়া তাদের সামরিক ভাণ্ডারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। রয়টার্স ও এপি জানিয়েছে, পিয়ংইয়ং মঙ্গলবার এই নতুন প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই মহড়া পর্যবেক্ষণ করেছেন।পুরো মহড়াটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত।
পরীক্ষায় কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন স্পেশাল মিশন ওয়ারহেড, দূরপাল্লার আর্টিলারি রকেট এবং এআই-নির্দেশিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা যাচাই করা হয়। এই আধুনিক অস্ত্রগুলো খুব দ্রুত দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ফ্রন্ট-লাইন ইউনিটগুলোতে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
কিম জং উন দাবি করেছেন, নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলো আধুনিক যুদ্ধের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। বিশেষ করে ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল নেভিগেশন ক্ষমতাসম্পন্ন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটারের ব্যবধানে অবস্থিত। সামরিক বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের এই ঘটনা পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনছে। এখন পিয়ংইয়ংয়ের নজর মূলত স্বয়ংক্রিয় প্রচলিত অস্ত্রভাণ্ডার গড়ে তোলার দিকে।
