ব্রাজিলে কিন্ডারগার্টেনে ১৩ শিশু জিম্মিকে উদ্ধার করতে চালানো পুলিশের বিশেষ অভিযানে এক হামলাকারী নিহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কুরিতিবার সাও ব্রাজ এলাকার একটি প্রি-স্কুলে গেট টপকে ঢুকে শিশুদের জিম্মি করে ওই ব্যক্তি। শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেওয়ার হুমকির মুখে পরিচালিত এই অভিযানে সব শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সব শিশুকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পারানা রাজ্য পুলিশের মুখপাত্র লেতিসিয়া মার্তিন্স জানান, হামলাকারী একটি ধারালো ছুরি এবং দেখতে আগ্নেয়াস্ত্রের মতো একটি নকল অস্ত্র নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে। এরপর সে ঘরের মেঝেতে দাহ্য তরল পদার্থ ছিটিয়ে হাতে লাইটার নিয়ে পুরো ভবনে আগুন দেওয়ার হুমকি দিতে থাকে। প্রায় তিন ঘণ্টা ধরে পুলিশের সমঝোতাকারী দল তার সাথে আলোচনা চালিয়ে আত্মসমর্পণের চেষ্টা করে। পুরো সময়টিতে সে সব শিশুকে নিজের চারপাশে ঘিরে রেখেছিল এবং একটি শিশুকে নিজের কোলে আটকে রেখেছিল।
অভিযানের সময় অন্তত একটি শিশু আহত হয়েছে।
আলোচনা চলাকালে শিশুরা কান্নাকাটি শুরু করলে হামলাকারী তাদের শারীরিকভাবে আঘাত করতে শুরু করে। পারানা সামরিক পুলিশের বিশেষ বাহিনীর কমান্ডার আলেকজান্দ্রে লোপেস দিয়াস সাংবাদিকদের জানান, শিশুরা ক্রমাগত আতঙ্কিত হয়ে পড়ায় এবং হামলাকারী তাদের ওপর চড়াও হওয়ায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকট ফ্ল্যাশ ব্যাং বিস্ফোরণ ঘটিয়ে ঘরে প্রবেশ করে পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। শিশুদের কোনো বড় ক্ষতি হওয়ার আগেই এই কৌশলগত অভিযান শেষ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি সিজোফ্রেনিয়া নামের মানসিক রোগে আক্রান্ত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার নাম কিংবা বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।
কুরিতিবার মেয়র এদুয়ার্দো পিমেন্তেল এই অভিযানের পর স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন যে প্রতিটি শিশু জীবিত ও বিপদমুক্ত রয়েছে। বিদ্যালয়ের উদ্ধারকৃত শিশু এবং শিক্ষকদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে বিশেষ চিকিৎসা ও কাউন্সেলিং সেবা প্রদানের ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় শহর ব্লুমেনাউয়ের একটি ডে-কেয়ার সেন্টারে কুড়াল হামলায় চার শিশুর নির্মম মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য।
