সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

এমভি হন্ডিয়াস: ফ্রান্সে হান্তাভাইরাস আতঙ্ক ও আইসোলেশন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ১১, ২০২৬, ১১:২৭ এএম

এমভি হন্ডিয়াস: ফ্রান্সে হান্তাভাইরাস আতঙ্ক ও আইসোলেশন

হান্তাভাইরাস প্রাদুর্ভাবের কবলে পড়া একটি প্রমোদতরি থেকে নিজ দেশে ফেরার পথে এক ফরাসি নাগরিকের দেহে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের কর্তৃপক্ষ। এমভি হন্ডিয়াস নামের ওই ডাচ জাহাজটি থেকে সরিয়ে নেওয়া পর্যটকদের মধ্যে এই প্রথম কোনো ফরাসি নাগরিকের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেল। ফ্রান্সের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেনেরিফে থেকে প্যারিসগামী একটি চার্টার্ড ফ্লাইটে থাকাকালীন ওই ব্যক্তির শরীরে ভাইরাসের লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটি থেকে সরিয়ে আনা মোট পাঁচজন ফরাসি নাগরিককে তাৎক্ষণিকভাবে প্যারিসের একটি হাসপাতালে কঠোর আইসোলেশনে রাখা হয়েছে।

কানারি দ্বীপপুঞ্জের উপকূলে নোঙর করা ওই জাহাজটি থেকে গত রবিবার ৯০ জনেরও বেশি পর্যটককে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এর আগে জাহাজটিতে অবস্থানকালে তিন পর্যটকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত দুজনের শরীরে হান্তাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ফরাসি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্যারিসের ল্য বুর্জে বিমানবন্দরে বিমানটি অবতরণের পর পিপিই পরিহিত কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। সেখান থেকে সরাসরি তাদের প্যারিসের বিশাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পরবর্তী ৪৫ দিন তাদের নিজ বাড়িতে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমভি হন্ডিয়াসের এই প্রাদুর্ভাব বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। শুধু ফ্রান্স নয়, স্পেন ও যুক্তরাজ্যের পর্যটকদের মধ্যেও এই ভাইরাসের ঝুঁকি তৈরি হয়েছে। স্পেন সরকার জানিয়েছে, তেনেরিফে থেকে মাদ্রিদে ফেরা ১৪ জন স্প্যানিশ নাগরিককে একটি সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে, ম্যানচেস্টারে ফিরে আসা ব্রিটিশ নাগরিকদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ)। যদিও এখন পর্যন্ত কোনো ব্রিটিশ নাগরিকের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার পথেও দুই পর্যটকের শরীরে হান্তাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। মার্কিন স্বাস্থ্য ও জনসেবা বিভাগ জানিয়েছে, বিমান চলাকালীন একজনের দেহে মৃদু উপসর্গ দেখা দেয় এবং অন্যজনের শরীরে ভাইরাসের ‍‍`অ্যান্ডেস স্ট্রেইন‍‍` শনাক্ত হয়েছে। সংক্রমণ এড়াতে তাদের বিমানের বিশেষ বায়োকন্টেইনমেন্ট ইউনিটে রেখে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং তুরস্কের পর্যটকদেরও একই প্রক্রিয়ায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। বিজ্ঞানীরা বলছেন, হান্তাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায় এবং এটি মানুষের শ্বাসযন্ত্রে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। তবে জাহাজের মতো বদ্ধ পরিবেশে এটি কীভাবে ছড়িয়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

banner
Link copied!