বাসাবাড়ি কিংবা কর্মক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে দিন-রাত ২৪ ঘণ্টা ওয়াইফাই রাউটার চালু রাখা বর্তমান সময়ে একটি অত্যন্ত সাধারণ নিয়মে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে এয়ার কন্ডিশনার বা এসিতে ভয়াবহ আগুন লাগা কিংবা আকস্মিক বিস্ফোরণের বেশ কিছু খবর প্রকাশ্যে আসার পর সাধারণ গ্রাহকদের মনে নতুন এক ভীতি ও সংশয় তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে একটানা সচল থাকা ঘরের এই ওয়াইফাই রাউটারটিও কি একইভাবে বিস্ফোরিত হয়ে বড় কোনো দুর্ঘটনার জন্ম দিতে পারে।ওয়াইফাই রাউটার কি এসির মতো বিস্ফোরিত হতে পারে?
প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছেন যে রাউটারে এসির মতো কোনো বড় কম্প্রেসার বা উচ্চ ক্ষমতার বিদ্যুৎ ব্যবস্থা থাকে না। এই কারণে এটিতে বড় ধরনের কোনো বিস্ফোরণের আশঙ্কা বা ঝুঁকি নেই বললেই চলে। তবে দীর্ঘ সময় ধরে একটানা বিদ্যুৎ সংযোগ সচল রাখার কারণে ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে যাওয়া, অভ্যন্তরীণ শর্ট সার্কিট হওয়া কিংবা ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশ গলে গিয়ে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঝুঁকিকে বিশেষজ্ঞরা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। সাধারণত এই ধরনের ডিভাইসের ভেতরে একাধিক ছোট ইলেকট্রনিক উপাদান এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার থাকে যা একটানা কাজ করার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। যদি ব্যবহৃত রাউটার বা অ্যাডাপ্টারের গুণগত মান ভালো না হয় অথবা বিদ্যুৎ সরবরাহ বারবার ওঠানামা করে, তবে বিপদের মাত্রা অনেকখানি বেড়ে যায়।
ডিভাইস স্পর্শ করলে যদি অতিরিক্ত গরম মনে হয়, বারবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে কিংবা ভেতর থেকে কোনো ধরনের পোড়া গন্ধ বের হয়, তবে সেটিকে বড় সতর্কবার্তা হিসেবে নিতে হবে। রাউটার নিরাপদ রাখার ক্ষেত্রে এটির সঠিক স্থাপন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকেই ঘরের সৌন্দর্য ধরে রাখতে রাউটারটিকে টেলিভিশনের পেছনে, বন্ধ আলমারির ভেতরে কিংবা অন্য কোনো গরম ইলেকট্রনিক যন্ত্রের ওপর গাদাগাদি করে রেখে দেন। এর ফলে যন্ত্রটির ভেতরের গরম বাতাস বাইরে বের হতে পারে না এবং ভেতরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বাড়তে থাকে। এই সমস্যা এড়াতে রাউটার সবসময় ঘরের এমন কোনো খোলা ও উচুঁ জায়গায় রাখা উচিত যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।
এছাড়া রাউটারের ওপর কোনো ভারী জিনিস বা কাপড় রাখা যাবে না এবং নিয়মিত এর গায়ে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করতে হবে। ঘরের বিদ্যুতের ওঠানামা বা ভোল্টেজ শক থেকে সুরক্ষায় ভালো মানের মাল্টিপ্লাগ বা সার্জ প্রোটেক্টর ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। কোনো সংযোগকারী ক্যাবল ক্ষতিগ্রস্ত দেখা দিলে তা দ্রুত বদলে ফেলা এবং দীর্ঘ সময়ের জন্য ঘরের বাইরে বা ভ্রমণে গেলে রাউটারটি বন্ধ রাখা ভালো। সঠিক নিয়ম মেনে সামান্য রক্ষণাবেক্ষণ করলেই এই প্রয়োজনীয় প্রযুক্তিগত ডিভাইসটি শতভাগ নিরাপদ রাখা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
