পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক আলোচিত সিনেমা ‘মাইকেল’-এর সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে বক্স অফিসে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং রেকর্ড পরিমাণ আয় করেছে। বিতর্কের মুখেও সিনেমাটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
দ্বিতীয় কিস্তির প্রস্তুতি এগিয়ে চলছে।
লায়ন্সগেটের মোশন পিকচার চেয়ার অ্যাডাম ফোগেলসন প্রতিষ্ঠানের ত্রৈমাসিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ সভায় সিকুয়েলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম সিনেমায় কিংবদন্তি এই পপ তারকার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং জনপ্রিয় সংগীত তুলে ধরা সম্ভব হয়নি। সিক্যুয়েলে সেই বাদ পড়া অংশগুলো এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে।
এপ্রিলে মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সিনেমাটির আয় ৭১ কোটি ৫৮ লাখ ডলারে পৌঁছেছে। প্রথম সিনেমাটির গল্প শেষ হয়েছিল ১৯৮৮ সালের ‘ব্যাড’ ট্যুরের অংশ হিসেবে ওয়েম্বলি স্টেডিয়ামের পারফরম্যান্স দিয়ে। তবে নির্মাণ প্রক্রিয়ায় শিশু নির্যাতনের অভিযোগসহ নানা জটিলতা থাকায় অনেক দৃশ্য শুটিংয়ের পরও বাদ দিতে হয়েছিল। সিক্যুয়েলের গল্প হুবহু সময়ক্রম মেনে হবে কিনা তা নিয়ে এখনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
তবে প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্যমতে, এবারের গল্প বলার ক্ষেত্রে তারা সময়ের সামনে এবং পেছনে—দুই দিকেই যেতে পারেন। আগের প্রডাকশনের সময় ধারণ করা ২৫ থেকে ৩০ শতাংশ ফুটেজ নতুন সিনেমায় ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে।
