বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন `জলসা`র সামনে নিয়মিতই ভক্তদের ভিড় থাকে। রোববার ছুটির দিনে ভক্তদের দর্শন দিতে বাইরে আসেন অমিতাভ। সেই সময় সেখানে এক অনাকাঙ্ক্ষিত অঘটনের ঘটনা ঘটেছে। ভিড়ের চাপে এক ভক্ত হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন।
মুহূর্তের মধ্যেই সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চনকে একনজর দেখতে বা সেলফি তোলার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এই প্রচণ্ড ভিড় এবং চাপে সহ্য করতে না পেরে ওই ভক্ত মাটিতে পড়ে যান। উপস্থিত অন্যরা দ্রুত তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং চোখেমুখে পানি ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করেন। যদিও ওই ভক্তের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারি ছিল না বলে অভিযোগ করছেন নেটিজেনদের একাংশ। তবে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অমিতাভ বচ্চন।
