পবিত্র হজের মূল খুতবার বাংলা অনুবাদ ও উপস্থাপনায় এবার যুক্ত হচ্ছেন চারজন বাংলাদেশি গবেষক। তারা হলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা প্রত্যেকেই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং সৌদি আরবের পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সির ভাষা ও অনুবাদ এজেন্সির সঙ্গে কাজ করছেন।সৌদি সরকারের ব্যবস্থাপনায় ৫০টিরও বেশি ভাষায় এই খুতবা সম্প্রচার করা হবে।
টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ ও সম্প্রচার হতে যাচ্ছে। মসজিদুল হারামের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান জানিয়েছেন, এবারের প্রকল্পটি নিয়ে তিনি মোট পাঁচবার দায়িত্ব পালন করছেন। পুরো দল অনুবাদে কাজ করলেও মূল উপস্থাপনায় থাকছেন দুজন। ১৯৯২ সালে ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে দেশসেরা হওয়ার পর তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং এক দশক ধরে সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
চলতি বছরের ৯ জিলহজ বা ২৬ মে আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে মূল খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। ২০১৮ সাল থেকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশে এই অনুবাদ প্রকল্পের যাত্রা শুরু হয়। শুরুতে পাঁচটি ভাষায় প্রচার হলেও এখন এর পরিধি অনেক বেড়েছে।
বিশ্বজুড়ে বাংলাভাষী মুসলিমরা ইউটিউবের নির্দিষ্ট চ্যানেল এবং সৌদি কর্তৃপক্ষের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি বাংলা অনুবাদ শুনতে পারবেন। আরাফাতের খুতবার পাশাপাশি প্রতি সপ্তাহের জুমা, ঈদসহ অন্যান্য খুতবার অনুবাদও এখন নিয়মিত বাংলায় প্রচার করা হচ্ছে।
