বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

পাহাড়ি ঢলে নেপালে আটজনের মৃত্যু ও তেত্রিশ পুলিশ নিখোঁজ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : আগস্ট ২৬, ২০২৬, ১০:০২ পিএম

পাহাড়ি ঢলে নেপালে আটজনের মৃত্যু ও তেত্রিশ পুলিশ নিখোঁজ

নেপালের রসুয়া, নুয়াকোট ও ধাদিঙ জেলায় বুধবার ভোরে তিব্বত মালভূমির রেকর্ড বৃষ্টি ও বরফ গলার কারণে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢলে আটজনের প্রাণহানি ঘটেছে বলে নেপালি সংবাদমাধ্যম জানিয়েছে। কোনো ধরনের পূর্ব সঙ্কেত ছাড়াই ভোতেকোশি নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় রসুয়া জেলার তিমুরে ও সায়াপ্রু বেসি এলাকার বেশ কয়েকটি গ্রাম ও বাজার পানির নিচে তলিয়ে গেছে।

দেশটির কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র উপ-মহাপরিদর্শক অবিনারায়ণ কাফলে গণমাধ্যমকে জানিয়েছেন যে নুয়াকোট ও ধাদিঙ জেলা থেকে এ পর্যন্ত অন্তত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রাসুয়া জেলায় দায়িত্ব পালনরত নেপাল পুলিশের ছাব্বিশ জন এবং সশস্ত্র বাহিনীর সাতজন সদস্যের সাথে এখনো কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

পাহাড়ি ঢলের তীব্র স্রোতের কারণে চীন ও নেপালকে সংযোগকারী ঐতিহাসিক মিতেরী সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাসাং লামু মহাসড়কের বিশাল অংশ ধসে পড়েছে। এর ফলে রাজধানী কাঠমান্ডুর সাথে উত্তর অঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুর্গত এলাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই প্রলয়ঙ্কারী বন্যায় নেপালের জাতীয় গ্রিডেও বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। ভোতেকোশি নদীর অববাহিকায় অবস্থিত অন্তত ছয়টি বড় জলবিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইন বন্যার তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় বারো শতাংশ বা চারশো ত্রিশ মেগাওয়াট উৎপাদন বন্ধ রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক জরুরি বৈঠক ডেকে দেশটির পুলিশ, সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীকে অবিলম্বে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী দেশগুলো এই প্রাকৃতিক দুর্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

banner
Link copied!