মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মঙ্গলবার তীব্র বর্ষণ ও আকস্মিক বন্যা আঘাত হেনেছে। এর ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিরিয়ার রাক্কা প্রদেশের মাাদান এলাকায় বন্যায় ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। দেশটির আল-ইখবারিয়া টেলিভিশনকে স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
রাক্কা, দেইর ইজ্জর ও হাসাকাসহ উত্তর-পূর্বাঞ্চলে তীব্র আবহাওয়ার পূর্বাভাস ও সরকারি সতর্কবার্তা জারির পরই এই দুর্ঘটনা ঘটে।
এদিকে লিবিয়ার ত্রিপোলিতে মুষলধারে বৃষ্টির মধ্যে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রায়ত্ত জুমহুরিয়া ব্যাংক এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ভারী বৃষ্টির কারণে স্থানীয় আবাসিক এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং বহু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় পানি সরবরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থার ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে।
দুর্গত এলাকায় সহায়তা দিতে লিবিয়ান রেড ক্রিসেন্টের জরুরি উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। ত্রিপুরির সুক আল-জুমা পৌরসভা এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করে সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ত্রিপोली বিশ্ববিদ্যালয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের সব পরীক্ষা স্থগিত করেছে।
অন্যদিকে জর্ডানে ২৩ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, পূর্ব রুওয়াইশিদ জেলায় আকস্মিক বন্যায় ওই ব্যক্তি ভেসে গিয়েছিলেন।
টানা বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে জর্ডান কর্তৃপক্ষ জনসাধারণকে প্লাবণ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
বৃহত্তর অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে সৌদি আরব ও আলজেরিয়া ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশেও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বন্যার সতর্কতা জারি রয়েছে।
