বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনে হামলা

ইসরায়েলি বিমান হামলায় নিহত ১ ও আহত সাংবাদিক

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ১৪, ২০২৬, ১২:৩০ পিএম

ইসরায়েলি বিমান হামলায় নিহত ১ ও আহত সাংবাদিক

মঙ্গলবারে গাজা সিটিতে একটি যানবাহনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে। সিটির উত্তর-পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

,

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজার জয়ায়দায় তিন সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় আহত চার বছর বয়সী শিশু ওসামা আহমেদ আবেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৭৪ হাজার ৩৮২ ছাড়িয়ে গেছে।

,

২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত ইয়েলো লাইনের কাছাকাছি বারবার জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গাজার সিভিল ডিফেন্স। সংস্থাটি জানিয়েছে, সেখানে প্রবল বিস্ফোরণ ও নির্বিচার গুলিবর্ষণের কারণে বাস্তুচ্যুতদের শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পূর্বে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। একইসঙ্গে যুদ্ধ বন্ধে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।

,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফার রূপরেখার আওতায় নির্ধারিত ইয়েলো লাইনটি ছিল ইসরায়েলি বাহিনীর প্রাথমিক প্রত্যাহারের সীমানা। বিভিন্ন মানচিত্র অনুযায়ী, গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বা প্রবেশাধিকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং বাহিনীগুলো আরও সেনা প্রত্যাহার না করে উল্টো অতিরিক্ত ভূখণ্ড দখল করেছে।

,

যুক্তরাষ্ট্র সমর্থিত বোর্ড অব পিস যুদ্ধবিরতির বার্ষিকী উপলক্ষে এক বার্তায় জানিয়েছে যে ট্রাম্পের নেতৃত্ব এমন একটি যুদ্ধের অবসান ঘটিয়েছে যার কোনো সমাপ্তি দেখা যাচ্ছিল না। তবে যুদ্ধবিরতি চালুর পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার চারশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজায় এখনো কোনো ফিলিস্তিনি প্রযুক্তিবিদ প্রশাসন গঠিত হয়নি।

,

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা ও আল-বিরহ এলাকায় ইসরায়েলি হামলায় তাজা গুলিতে একটি শিশু আহত হয়েছে এবং অনেকেই টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভুগেছেন। ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিন টিভির সংবাদদাতা খালেদ মাতাওয়া সাউন্ড গ্রেনেডের আঘাতে হাতে এবং স্কাই নিউজ আরাবিয়ার সংবাদদাতা ফিরাস লুৎফি শেলের টুকরো লেগে পায়ে আঘাত পেয়েছেন।

,

ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সের প্রাঙ্গণ এবং কয়েকটি ফিলিস্তিনি বেসরকারি সংস্থার কার্যালয়েও অভিযান চালিয়েছে। মানবাধিকার আইনজীবী মোহাম্মদ দাহলেহ বলেছেন, ইসরায়েল বিভিন্ন আইন ও সামরিক আদেশ ব্যবহার করে ফিলিস্তিনি অধিকার গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পাঁয়তারা চালাচ্ছে এবং অভিযুক্ত গোষ্ঠী ও তাদের আইনজীবীদের কাছ থেকে গোপন প্রমাণ সরিয়ে রেখে এই পদক্ষেপ নিচ্ছে।

,

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের বাহিনীগুলো ইসরায়েলের দিকে বন্দুক তাক করতে পারে, এমন একটি পরিস্থিতির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো আরব বাহিনী থাকবে না এবং ইসরায়েল পুরো অঞ্চলের ওপর তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারিত করবে।

banner
Link copied!