সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই নানা ধরনের বিষয় এবং কন্টেন্ট ট্রেন্ডিং থাকে। অনেক সময় খুব সাধারণ কোনো বিষয়ও ভাইরাল হয়ে যায় মূহুর্তেই, আর সেটি হয়ে যায় আলোচনার কেন্দ্রবিন্দু। তেমনই এক বিষয় সম্প্রতি ভাইরাল হয়েছে বাংলাদেশে, যেখানে এক ব্যক্তির ব্যবহৃত ‘রাগ করলা?’ সংলাপ এখন মানুষের মুখে মুখে।
এই ট্রেন্ডে এখন যোগ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।
গত ১৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখান থেকে মূলত এই সংলাপটির প্রচলন শুরু হয়। ভিডিওতে শহরের ব্যস্ত রাস্তার পাশে এক ব্যক্তিকে অন্যের ভাগ্য গণনার সময় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বারবার উচ্চারণ করতে দেখা যায়—‘রাগ করলা?’ এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ইন্টারনেটে এটি একটি ট্রেন্ডে পরিণত হয়।
ফিফা তাদের অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ ফেসবুক পেইজে নেইমারের একটি ছবি পোস্ট করেছে।
ছবির ক্যাপশনে সংস্থাটি লিখেছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’ আর ছবির ওপর লেখা হয়েছে, ‘কি প্রতিপক্ষ রাগ করলা!’ নেইমারের বিশ্বকাপ দলে খেলা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা ছিল। কোচ আনচেলত্তি দীর্ঘ এক বছর তাকে দলে নেননি, তবে শেষ পর্যন্ত ২৬ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন নেইমার।
নেইমারের দলে ফেরার এই প্রেক্ষাপটেই ফিফা বাংলাদেশের ট্রেন্ডটি ব্যবহার করেছে।
বিশ্বজুড়ে নেইমারের ফেরা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশের একটি সাধারণ ভিডিওর সংলাপ এখন ফিফার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের ক্যাপশনে স্থান পাওয়ায় বিষয়টি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভক্তরা মনে করছেন, ফিফার এই উদ্যোগ ফুটবল ও ইন্টারনেট সংস্কৃতির চমৎকার এক সমন্বয়।
