বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রোমাকে হারিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড: পিএসজির বড় জয়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৪, ২০২৬, ১০:৩০ এএম

রোমাকে হারিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড: পিএসজির বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার দুই গোল পিছিয়ে থেকেও রোমাকে তিন-দুই গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে চাপের মুখে থাকা কোচ মাইকেল ক্যারিক কিছুটা স্বস্তি পেলেন।

ওন্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে ইউনাইটেড। মাত্র আঠারো মিনিটের মধ্যে দুই গোল হজম করে তারা আরেকটি পরাজয়ের মুখে পড়েছিল। মাতিয়াস সুলের চমৎকার শটের পর পেনাল্টি থেকে গোল করেন ডনিয়েল মালেন।

ম্যাচের শুরুতেই এমন বিপর্যয় গ্যালারিতে ক্ষোভের সৃষ্টি করে। সমর্থকরা মাঠে টেনিস বল ও অন্যান্য বস্তু ছুঁড়ে মারেন এবং ক্লাবের মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে স্লোগান দেন।

তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের দৃশ্যপট বদলে দেয় স্বাগতিকরা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যাচে ফেরান ব্রুনো ফার্নান্দেস।

রোমার তৃতীয় পছন্দ গোলরক্ষক দেভিস ভাসকেসের বিপক্ষে প্রথম শটে ব্যর্থ হয়েছিলেন ফার্নান্দেস। তবে প্রতিপক্ষ খেলোয়াড়রা ডি-বক্সে আগে প্রবেশ করায় রেফারি পেনাল্টি পুনর্নিদের্শ দেন এবং দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ফার্নান্দেস।

এরপর ম্যাচের শেষদিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন মাথেউস কুনিয়া। তবে দলের জয়ের নায়ক কুনিয়া ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া রোমা টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার শক্তিশালী অবস্থান ধরে রাখতে ব্যর্থ হলো। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে ইতালীয় ক্লাবটির রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে।

এই জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবে ইউনাইটেড। একই রাতে বার্সেলোনার কাছে তিন-শূন্য গোলে হেরেছে অ্যাস্টন ভিলা।

টুর্নামেন্টের অন্য ম্যাচে স্পেনের মাঠে ভিয়ারিয়ালকে ছয়-শূন্য গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সংঘর্ষে ত্রিশ বছর বয়সে মারা যাওয়া তেনেদেরির খেলোয়াড় জেসুস ডি মিগেলের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খ্ভিচা কাভারাতসখেলিয়া, উসমান দেম্বেলে, মার্কোনিওস এবং নুনো মেনদেসের মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। জোয়াও নেভেস, দেসিরে দুয়ে, সেনি মায়ুলু ও ফাবিয়ান রুইজ দ্রুত চারটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম চার গোল করার রেকর্ড গড়েন।

ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রুইজ এবং কিশোর ডেভিড বুলি ষষ্ঠ গোল করে ব্যবধান বাড়ান। এই জয়ের ফলে লুইস এনরিকের দল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

banner
Link copied!