ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উত্তর আমেরিকায় আয়োজিত এই মেগা আসরের আগে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া এই বিশ্ব আসরের ৯৬ বছরের দীর্ঘ পথচলায় এখন পর্যন্ত মাত্র আটটি দেশ এই মহামূল্যবান ট্রফি ছোঁয়ার সৌভাগ্য অর্জন করেছে। বিশ্বকাপের ইতিহাসে লাতিন আমেরিকার দেশগুলোর দাপট যেমন রয়েছে, তেমনি ইউরোপীয় পরাশক্তিদের আধিপত্যও দেখার মতো।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলের নাম ব্রাজিল। সেলেসাওরা এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সী পেলের হাত ধরে প্রথম শিরোপার দেখা পায় তারা। এরপর ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা। পেলে বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন। ব্রাজিলের পর চারবার করে শিরোপা জিতেছে জার্মানি এবং ইতালি। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুবার শিরোপা জিতে প্রথম রেকর্ড গড়েছিল। পরবর্তীতে ১৯৮২ এবং ২০০৬ সালে তারা আবারও বিশ্ব জয় করে। অন্যদিকে জার্মানি ১৯৫৪, ১৯৭৪ এবং ১৯৯০ সালে পশ্চিম জার্মানি হিসেবে এবং ২০১৪ সালে ঐক্যবদ্ধ জার্মানি হিসেবে ট্রফি ঘরে তোলে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় মানেই কিংবদন্তিদের মহিমা। ১৯৭৮ সালে মারিও কেম্পেসের হাত ধরে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার জাদুকরী পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব পায় আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষ হয় ২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের সাথে ৩-৩ ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ গোলে জয় পায় মেসিরা। ফ্রান্সও দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে; একবার ১৯৯৮ সালে নিজেদের মাটিতে এবং দ্বিতীয়বার ২০১৮ সালে রাশিয়ায়। ১৯৯৮ সালে জিনেদিন জিদানের অসাধারণ নৈপুণ্য ফরাসিদের প্রথম বিশ্ব জয়ের স্বাদ দিয়েছিল।
অন্যান্য বিজয়ীদের মধ্যে উরুগুয়ে ১৯৩০ সালের উদ্বোধনী আসর এবং ১৯৫০ সালের ঐতিহাসিক মারাকানাজো ট্র্যাজেডিতে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল। ইংল্যান্ড একমাত্র ১৯৬৬ সালে নিজেদের মাঠে শিরোপা জিতেছে। ফুটবল `ঘরে ফিরেছিল` সেই এক আসরেই। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের শৈল্পিক ফুটবল বা টিকি-টাকা দিয়ে বিশ্ব জয় করেছিল স্পেন। ফুটবল ইতিহাসের এই সমৃদ্ধ পথচলায় ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। ২০২৬ সালে ৪৮ দলের নতুন কলেবরে যখন বিশ্বকাপ শুরু হবে, তখন এই তালিকাটি আরও দীর্ঘ হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
