সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর বিমানে জ্যামিংয়ের অভিযোগ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৩:২০ পিএম

রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর বিমানে জ্যামিংয়ের অভিযোগ

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির বহনকারী একটি ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (RAF) বিমানের জিপিএস সিগন্যাল জ্যাম করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার এস্তোনিয়ায় অবস্থানরত ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে যুক্তরাজ্যে ফেরার পথে বিমানটি এই ইলেকট্রনিক আক্রমণের কবলে পড়ে। দ্য টেলিগ্রাফ ও দ্য টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি যখন রাশিয়ার সীমান্তের কাছাকাছি আকাশসীমায় ছিল, ঠিক তখনই এই ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, জ্যামিংয়ের কারণে বিমানটির জিপিএস ব্যবস্থা দীর্ঘ তিন ঘণ্টা অচল ছিল। এ সময় বিমানের যাত্রীরা তাদের স্মার্টফোন বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। ফ্লাইটটি নিরাপদ রাখতে পাইলটদের বিকল্প নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে হয়। যদিও প্রতিরক্ষা মন্ত্রীর বিমানটি কি পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে বিমানটির যাত্রাপথ উন্মুক্ত ছিল, যা থেকে রাশিয়ার পক্ষ থেকে এটি লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনাটি সম্পর্কে ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, এটি রাশিয়ার পক্ষ থেকে একটি বেপরোয়া ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ। তবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় রয়্যাল এয়ার ফোর্স আগে থেকেই প্রস্তুত থাকে। বিমানটি নিরাপদ ছিল এবং কোনো ঝুঁকি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে।

এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কৃষ্ণ সাগরের আকাশে একটি আরএএফ গোয়েন্দা বিমানের ওপর রাশিয়ার দুটি যুদ্ধবিমানের ‘অত্যন্ত বিপজ্জনক’ আচরণের কথা প্রকাশ করেছিল। সেই ঘটনায় একটি রুশ এসইউ-৩৫ যুদ্ধবিমান ব্রিটিশ গোয়েন্দা বিমানের এত কাছাকাছি চলে আসে যে, ব্রিটিশ বিমানের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বা অটো-পাইলট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া ২০২২ সালে কৃষ্ণ সাগরের আকাশে একটি ব্রিটিশ রিভেট জয়েন্ট বিমানের সামনে রুশ যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনার পর এটিই সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি বলে মনে করছে লন্ডন।

উল্লেখ্য যে, এর আগেও ব্রিটিশ মন্ত্রীদের বহনকারী বিমানে এই ধরনের জ্যামিংয়ের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের মার্চ মাসে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি আরএএফ বিমানের জিপিএস সিগন্যাল পোল্যান্ড থেকে ফেরার পথে প্রায় ৩০ মিনিটের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মহলে এই ধরনের ইলেকট্রনিক আক্রমণের ঘটনা রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

banner
Link copied!