সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আল জাজিরা এবং সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দামেস্কের পশ্চিম গ্রামাঞ্চলের বেইত জিন শহরের কাছে একটি ট্রাকে এই ড্রোন হামলা চালানো হয়। হামলায় একজন চালকসহ বেশ কয়েকজন আহত হন এবং তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে তীব্র ভাষায় নিন্দা করেছে। মন্ত্রণালয় জানায়, এই ধরনের সামরিক পদক্ষেপ দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, দক্ষিণ সিরিয়ায় তাদের সেনাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে এমন একটি তৎপরতা প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সিরীয় কর্তৃপক্ষ এই হামলাকে সম্পূর্ণ অন্যায় ও উসকানি হিসেবে দেখছে।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সামরিক স্থাপনা ও সীমান্ত এলাকায় দফায় দফায় এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও অবনতির দিকে যেতে পারে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে।
