সন্তান মহান আল্লাহর দেওয়া আমানত। তাদের সঠিক রক্ষণাবেক্ষণ করা ও সামর্থ্য অনুযায়ী নিরাপদ ভবিষ্যতের জন্য গড়ে তোলা মা-বাবার দায়িত্ব। মানুষ সাধারণত সন্তানদের ভবিষ্যতের জন্য ধন-সম্পদ রেখে যাওয়াকেই নিরাপত্তা মনে করে, অথচ ইসলামের দৃষ্টিতে প্রকৃত নিরাপত্তা শুধু অর্থে নয় বরং জীবনভিত্তিক সম্পদে, যা মানুষকে আত্মমর্যাদাশীল ও আল্লাহভীরু করে তোলে।প্রকৃত সম্পদ বলতে অর্থ নয়, বরং সন্তানের গুণগত পরিবর্তনকে বোঝায়।
ইসলাম সন্তানকে নিঃস্ব রেখে যেতে নিরুৎসাহিত করেছে। রাসুলুল্লাহ (সা.) সাহাবি সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে বলেছেন, তুমি তোমার ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া, তাদের খালি হাতে পরমুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। (সহীহ বুখারী, হাদিস: ১২৯৫) তবে স্বচ্ছলতার অর্থ শুধু জমি-জমা বা ব্যাংক ব্যালেন্স নয়, কারণ এগুলো স্থায়ী নয়। একজন মুমিন মা-বাবার বড় দায়িত্ব হলো সন্তানকে এমন সম্পদ দিয়ে যাওয়া, যা দুনিয়ায় সম্মানিত ও আখিরাতে সফল করবে।বিশুদ্ধ ঈমান হলো সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।
ছোটবেলা থেকেই একজন ঈমানদার বান্দা হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। যে হৃদয়ে আল্লাহভীতি নেই, তার হাতে বিপুল সম্পদও ধ্বংসের কারণ হতে পারে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। (সুরা তাহরিম, আয়াত: ৬)
আদব ও চরিত্র এমন সম্পদ, যা মানুষকে সমাজে সম্মানিত করে।
সত্যবাদিতা, আমানতদারি ও মানুষের হক আদায়—এসব গুণাবলি মানুষকে আখিরাতে মুক্তি পেতে সহায়তা করে। রাসুল (সা.) বলেছেন, কোনো পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেয়ে বেশি উত্তম কিছু দিতে পারে না। (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫২) এই চারিত্রিক ভিত্তিই সন্তানকে জীবনের কঠিন সময়ে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়।দ্বীনি শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন অপরিহার্য।
ইসলামী জ্ঞানের পাশাপাশি সমসাময়িক জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ। অজ্ঞ মানুষ সহজে প্রতারিত হয় এবং আবেগে ভুল সিদ্ধান্ত নেয়। তাই সন্তানকে চিন্তাশীল মানুষ হিসেবে তৈরি করতে হবে, কারণ শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪১৬৮)হালাল উপার্জনের যোগ্যতা অর্জন করা জীবনের অন্যতম সম্পদ।
রাসুল (সা.) বলেছেন, মানুষ নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো খায় না। (সহীহ বুখারী, হাদিস: ২০৭২) হালাল উপার্জনের ব্যবসায়িক বোধ ও বিনিয়োগের শিক্ষা সন্তানকে কেবল সম্পদশালী করবে না, বরং সমাজ ও মানুষের সেবায় নিয়োজিত হওয়ার পথ প্রশস্ত করবে।মা-বাবার দোয়া হলো সন্তানের অদৃশ্য নিরাপত্তা।
একই সঙ্গে নেক পরিবেশ ও মসজিদের সংস্পর্শ সন্তানকে এমনভাবে গড়ে তোলে যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। একজন সফল মুসলিম মা-বাবা সেই ব্যক্তি, যিনি এমন সন্তান রেখে যান যে আল্লাহকে ভয় করে এবং মৃত্যুর পর মা-বাবার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকে। (সহীহ মুসলিম, হাদিস: ৪১১৫)
