মিনেসোটার ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরের বিরুদ্ধে চলা অভিবাসন জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তার ফোন জব্দ করেছেন ফেডারেল কর্তৃপক্ষ। একই সঙ্গে ডজনখানেক গ্র্যান্ড জুরি সমন জারি করা হয়েছে।
তদন্ত সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এই সমনগুলো এমন এক গ্র্যান্ড জুরির জন্য জারি করা হয়েছে, যা মিনেসোটার বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। ইলহানের অভিবাসনসংক্রান্ত কাগজপত্রে কোনো ধরনের জালিয়াতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ফেডারেল কর্মকর্তারা।
এই তদন্তের সূত্র ধরেই গত সোমবার ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসভবনে তল্লাশি চালান ফেডারেল এজেন্টরা। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই তল্লাশির ঘটনা ঘটে।
তবে এই তদন্তের পরিধি ঠিক কতখানি, তা এখনো পরিষ্কার নয়। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব মার্কওয়েইন মুলিন ইঙ্গিত দিয়েছেন যে, তার পরিবারের অভিবাসনসংক্রান্ত নথিপত্রে সম্ভাব্য কোনো অপরাধের বিষয়টি খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ।
পিরো জানিয়েছেন যে অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের এত কাছাকাছি সময়ে ইলহানের বাড়িতে এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। আগামী মাসের এই নির্বাচনী লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই প্রতিনিধিকে নিশানা করা হচ্ছে বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ইলহান এই তল্লাশিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর একটি অপচেষ্টা বলে উল্লেখ করেছেন।
ইলহান জানান যে ডোনাল্ড ট্রাম্প বিগত দশ বছর ধরে ভিত্তিহীন মিথ্যা ও কুৎসা রটিয়ে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছেন। তিনি আরও যোগ করেন যে এই পদক্ষেপ রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শনের ধারাবাহিকতারই অংশ এবং তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।
গত বুধবার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি ইলহানের কোনো প্রতিনিধি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শুরু হওয়ার ঠিক তিন সপ্তাহ আগে এই তল্লাশি চালানো হয়।
সাধারণত কোনো প্রাথমিক বা সাধারণ নির্বাচনের ৬০ দিনের মধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য তদন্তমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে বিচার বিভাগ। ২০১৮ সালে প্রথম প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন ইলহান এবং তিনি মিনেসোটার পঞ্চম জেলার প্রতিনিধিত্ব করছেন, যার মধ্যে মিনিয়াপলিসও অন্তর্ভুক্ত।
কংগ্রেসের বামপন্থী প্রগতিশীল আইনপ্রণেতাদের দল স্কোয়াডের সদস্য হলেন ইলহান। তিনি প্রতিনিধি পরিষদের প্রথম দুই জন মুসলিম নারী সদস্যের একজন এবং কংগ্রেসে নির্বাচিত প্রথম আফ্রিকান শরণার্থী।
