বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ওহাইও গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ৬, ২০২৬, ০৫:২৯ পিএম

ওহাইও গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী

ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামী। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করেন। আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ড. অ্যামি অ্যাকটনের মুখোমুখি হবেন, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ দলের মনোনয়ন পেয়েছেন।

অফিশিয়াল ফলাফলে দেখা গেছে, রামাস্বামী তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্যাসি পুচকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। পুচ ছিলেন একজন গাড়ি ডিজাইনার এবং ইউটিউবার। তবে রামাস্বামীর জনপ্রিয়তার কাছে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়াই করে জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া রামাস্বামী পরে ট্রাম্পের অন্যতম প্রধান সমর্থক হয়ে ওঠেন। ওহাইওর এই লড়াইয়েও ট্রাম্পের পূর্ণ সমর্থন তার পালে হাওয়া দিয়েছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রামাস্বামী ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয় কেবল একটি মাইলফলক। আমাদের আসল গন্তব্য হলো নভেম্বরের সাধারণ নির্বাচন। রামাস্বামী তার প্রচারণায় মূলত ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনকে লক্ষ্যবস্তু করেছেন। ড. অ্যাকটন ওহাইওর প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ছিলেন এবং করোনা মহামারীর সময় রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

অন্যদিকে, ডেমোক্র্যাট শিবিরের বিজয়ী প্রার্থী অ্যামি অ্যাকটন তার ভাষণে ওহাইওকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী ও বসবাসযোগ্য করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মানুষের জন্য জীবনযাত্রা সহজ হওয়া উচিত। এখন সময় এসেছে খেটে খাওয়া পরিবারগুলোকে প্রাধান্য দেওয়ার। বর্তমান গভর্নর মাইক ডিওয়াইন দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে পদত্যাগ করছেন বিধায় ওহাইওতে এবার নতুন মুখ দেখার অপেক্ষায় সবাই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রামাস্বামীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রামাস্বামীকে তরুণ, শক্তিশালী ও স্মার্ট হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের মতে, রামাস্বামী ওহাইওর জন্য বিশেষ কিছু বয়ে আনবেন। এমনকি বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন, যার সাথে করোনা ইস্যুতে রামাস্বামীর মতপার্থক্য ছিল, তিনিও রামাস্বামীকে সমর্থন দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ওহাইওর এই গভর্নর নির্বাচনটি আগামী দিনে মার্কিন রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রামাস্বামী তার প্রচারণায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২৫ মিলিয়ন ডলার ঋণ দিয়েছেন, যা তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। ট্রাম্পের ‍‍`ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি‍‍` প্রকল্পের কাজ থেকে জানুয়ারিতে ইস্তফা দিয়ে তিনি এই নির্বাচনী ময়দানে নামেন।

নভেম্বরের এই নির্বাচনটি মূলত করোনা মহামারীর সময়ের কর্মকাণ্ডের ওপর একটি গণভোটের মতো হতে পারে। রামাস্বামী তার প্রচারণায় ড. অ্যাকটনকে স্বৈরাচারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যিনি সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করেছিলেন বলে তার দাবি। তবে ড. অ্যাকটন এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তিনি তার জনসেবামূলক ক্যারিয়ারের ওপর ভিত্তি করেই ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সব মিলিয়ে ওহাইওর ভোটাররা এবার এক তীব্র এবং ব্যয়বহুল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে।

banner
Link copied!