রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

চীনের রাষ্ট্রীয় বিদায়

হংকংয়ের প্রথম নেতা তুং চি-হোয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:৫০ পিএম

হংকংয়ের প্রথম নেতা তুং চি-হোয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর হংকংয়ের দায়িত্ব নেওয়া প্রথম প্রধান নির্বাহী তুং চি-হোয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বেইজিং ও হংকংয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে রোববার নর্থ পয়েন্টের ফিউনারেল হোমে এই আনুষ্ঠানিকতা শেষ হয়। ১৯৯৭ সালে চীনা শাসনের অধীনে ফেরার পর নগরটিতে এমন রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘটনা এটি মাত্র তৃতীয়।

বার্ধক্যজনিত কারণে ৮৯ বছর বয়সে গত আট সেপ্টেম্বর তিনি মারা যান।

চীনের জাতীয় পতাকায় মোড়ানো তুং চি-হোয়ার কফিনটি শেষকৃত্যের পর বিশেষ শববাহী যানে করে কেপ কলিনসন শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়। বর্তমান প্রধান নির্বাহী জন লি এবং সাবেক প্রধান নির্বাহী লিয়াং চুন-ইং কফিন বহনের দায়িত্ব পালন করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য শি তাইফেং ও শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা শিয়া বাওলোংসহ সাবেক প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এবং ডোনাল্ড সাং উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তিনটি পৃথক মিলনায়তনে রোববার দুপুর পর্যন্ত শোক বই উন্মুক্ত রাখা হয়েছিল।

বেইজিং প্রশাসনের সরাসরি পৃষ্ঠপোষকতায় ৮৭ সদস্যের একটি অন্ত্যেষ্টিক্রিয়া কমিটি এই আয়োজনের দায়িত্ব সামলায়।

মূলত জাহাজ ব্যবসার সঙ্গে যুক্ত থাকা তুং চি-হোয়া কোনো দীর্ঘ রাজনৈতিক পটভূমি ছাড়াই ১৯৯৬ সালে বেইজিং নিযুক্ত কমিটির মাধ্যমে হংকংয়ের প্রথম নেতা নির্বাচিত হন। ১৯৯৭ সালে দায়িত্ব গ্রহণের পরই তাকে তীব্র এশীয় আর্থিক সংকট এবং ২০০৩ সালে মহামারি সার্স পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। একই বছর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি প্রস্তাবিত আইনকে কেন্দ্র করে ব্যাপক গণবিক্ষোভ শুরু হলে তিনি তা স্থগিত করতে বাধ্য হন। পরবর্তীতে ২০০২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হলেও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ২০০৫ সালে মেয়াদের মাঝপথেই পদত্যাগ করেন তিনি।

পদত্যাগের পর তিনি দীর্ঘদিন চীনের সর্বোচ্চ রাজনৈতিক উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে হংকংয়ে ২০০০ সালে ব্যবসায়ী অ্যান সে-কাই এবং ২০০৬ সালে হেনরি ফককে রাষ্ট্রীয়ভাবে এমন আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছিল।

চীনের রাষ্ট্রীয় মাধ্যমে তাকে একজন অনন্য দেশপ্রেমিক হিসেবে শ্রদ্ধা জানানো হয়েছে। তার উত্তরসূরি ডোনাল্ড সাং তাকে প্রশস্ত দৃষ্টিভঙ্গির একজন মার্জিত নেতা হিসেবে অভিহিত করলেও সমালোচকরা মনে করিয়ে দিয়েছেন যে তার শাসনামলে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল।

banner
Link copied!