রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে পদক

চীনে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল ইরান

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৮:০৯ পিএম

চীনে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল ইরান

জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ বাস্কেটবলে চীনকে হারিয়ে স্মরণীয় ব্রোঞ্জ পদক জিতেছে ইরান। রোববার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে ৭৯-৭০ পয়েন্টের ব্যবধানে হারায় পশ্চিম এশিয়ার দেশটি। ঘরের মাঠে বিগত প্রায় ছয় মাসের সংঘাত ও যুদ্ধাবস্থার মধ্যে এই ক্রীড়া সাফল্য দলটির খেলোয়াড়দের আনন্দাশ্রুতে ভাসিয়েছে।

হাফ-টাইমে চীন ৩১-২৯ পয়েন্টে এগিয়ে ছিল।

তবে বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫৫-৪৬ পয়েন্টের ব্যবধানে নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নেয় ইরানি বাস্কেটবল দল। চতুর্থ কোয়ার্টারে চীনের মরিয়া আক্রমণ শক্ত হাতে প্রতিহত করে পদক নিশ্চিত করেন মতিন আঘাজানপুর এবং মাহদি জাফরিরা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কোর্টে উল্লাসে ফেটে পড়েন দলের কোচিং স্টাফ ও রিজার্ভ বেঞ্চের সদস্যরা। নিজ দেশের দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এই জয় তাদের খেলোয়াড়ি জীবনের অন্যতম কঠিন অর্জন বলে জানান খেলোয়াড়রা।

দলের প্রবীণ ফরোয়ার্ড আরসালান কাজেমি এই অর্জনে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ বাস্কেটবল লিগ এনবিএর ২০১৩ সালের ড্রাফটে ওয়াশিংটন উইজার্ডসের মাধ্যমে সুযোগ পাওয়া প্রথম ইরানি এই খেলোয়াড় জানান, তাদের ওপর যে মানসিক চাপ ছিল তা ভাষায় বর্ণনা করার মতো নয়। গত ছয় মাসে নিজেরা এবং দেশে তাদের পরিবার যে পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, তা অন্য কোনো দলের অ্যাথলেটদের ধারণার বাইরে। দেশের মানুষকে কিছুটা আনন্দ দিতে পুরো দল মাঠে নিজেদের হৃদয় উজাড় করে খেলেছে বলে উল্লেখ করেন তিনি।

আরেক ফরোয়ার্ড আরমান জাঙ্গেনেহ জানান, এই পদকজয় তাদের বাস্তব জীবনের এক বড় সংকটের সমাধান এনে দিয়েছে। এশিয়ান গেমসে পদক জিতলে দেশের পুরুষ খেলোয়াড়দের আর বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় না। ফিলিপাইনে বাছাইপর্ব খেলে সরাসরি জাপানে এসে কনটেইনারে মানবেতর আবাসনে বসবাস ও খাবারের সমস্যার মধ্যেও লড়াই করে পদক অর্জনের গৌরব তাদের সব কষ্ট মুছে দিয়েছে।

ইরানের সামরিক আইন অনুসারে ১৮ বছর বয়সী পুরুষদের দুই বছর সক্রিয় সামরিক দায়িত্ব পালন করতে হয়। ২০১৮ সালে দেশটির শীর্ষ নেতৃত্বের এক নির্দেশনায় এশিয়ান গেমসে পদকজয়ীদের এই বাধ্যতামূলক বাধ্যবাধকতা থেকে রেহাই দেওয়ার নিয়ম কার্যকর করা হয়, যা অতীতে কেবল অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ীদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল।

banner
Link copied!