স্পেনের ছিটমহল সেউতা সংহতির বিশেষ বার্তা সংবলিত জার্সি আংশিক গুটিয়ে বা ঢেকে রেখে মাঠে নামার ঘটনায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র ও ইব্রাহিমা কোনাতে। মরক্কো থেকে অভিবাসীদের আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া সেউতার স্থানীয় জনগণের সমর্থনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল।
লা লিগায় রিয়াল মাদ্রিদ ও এলচের মধ্যকার ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়েরা মাঠে এই বিশেষ জার্সি পরেছিলেন।
উভয় দলের খেলোয়াড়দের গায়ে থাকা সাদা জার্সিতে ‘todos somos caballas’ বা ‘আমরা সবাই ম্যালেরেল’ স্লোগান লেখা ছিল, যা সেউতার স্থানীয় বাসিন্দাদের নির্দেশ করে। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে, ভিনিসিউস ও কোনাতে মাঠে নামার আগেই সাদা জার্সিটি বুকের দিকে গুটিয়ে স্লোগানের অংশবিশেষ ঢেকে ফেলেন। পরে হাত মেলানোর সময় তারা জার্সিগুলো খুলে ফেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি নিয়ে ব্যাপক মেরুকরণ দেখা দিয়েছে। একদল ব্যবহারকারী একে ওই রাজনৈতিক ও সামাজিক সংকটের প্রতি খেলোয়াড়দের উদাসীনতা হিসেবে সমালোচনা করেছেন, আবার অন্যপক্ষ খেলোয়াড়দের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। দুই ক্লাবই খেলোয়াড়দের এই জার্সি পরার অনুরোধ জানিয়েছিল বলে জানা গেছে।
ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পোশাকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্লোগান নিষিদ্ধ।
ফিফার রুলবুক ৪.৫ ধারা অনুযায়ী, খেলোয়াড়দের পোশাক বা আন্ডারগার্মেন্টে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি কিংবা ছবি প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের বার্তা প্রদর্শনকারী ফুটবলাররা সাধারণত কোনো বড় জরিমানা বা নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে যান। এ বিষয়ে ফিফা জানিয়েছে, শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবল লা লিগা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং উয়েফার। তবে কোনো সংস্থাই এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এর আগে রিয়েল বেটিসের মরক্কান উইঙ্গার আবদে এজালজুলিও এই জার্সি পরে মাঠে নেমে নিজ দেশের ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েন।
মরক্কো ও স্পেনের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ২৪ বছর বয়সী এজালজুলি জানান যে তার এই পদক্ষেপের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি একে সব জাতীয়তার মানুষের প্রতি একটি নিছক সামাজিক সহমর্মিতা বলে উল্লেখ করেন। আগামী ১ অক্টোবর সেউতার সমর্থনে তহবিল সংগ্রহের জন্য একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে রিয়েল বেটিসের।
