বিশ্ব ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত এবং পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়া বিনিয়োগ পরিকল্পনাটির একটি বিশদ পর্যালোচনা ফিফা কাউন্সিলে উপস্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছে ফিফা। ডেনমার্কের ফুটবল প্রধান জেসপার মোলারের পক্ষ থেকে বাতিল হওয়া ওই প্রকল্প সম্পর্কে সুস্পষ্ট জবাব না পাওয়ার অভিযোগ তোলার পরই সংস্থাটি এই ঘোষণা দিল।
গত সপ্তাহে আইনি কমিটির একটি বৈঠকে এই প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনা করেন জেসপার মোলার।
ইনফান্তিনোর উদ্যোগে আনা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের মাধ্যমে টুর্নামেন্টের বাণিজ্যিক অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মোলার অভিযোগ করেছিলেন যে, ফিফা লিগ্যাল কমিটির সভায় এই অবিক্রীত বা বাতিল হওয়া প্রস্তাব সম্পর্কিত বহু সংবেদনশীল ও সমালোচনামূলক প্রশ্নের কোনো সঠিক উত্তর দেওয়া হয়নি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের স্ট্যান্ডিং কমিটিগুলো ফিফার স্ট্যাটিউটস ও গভর্ন্যান্স রেগুলেশনস অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে ফিফা কাউন্সিলকে পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে। পূর্বে যোগাযোগের মাধ্যমেই জানানো হয়েছে যে প্রত্যাহারকৃত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবের পর্যালোচনাটি নির্দিষ্ট সময়ে ফিফা কাউন্সিলের সামনে উপস্থাপন করা হবে। প্রেসিডেন্ট ইনফান্তিনোসহ ৩৭ জন সদস্য নিয়ে গঠিত ফিফা কাউন্সিলে আটজন সহ-সভাপতি এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচিত ২৮ জন সদস্য রয়েছেন।
এই বাণিজ্যিক প্রস্তাবটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল।
উয়েফা, এএফসি এবং কনকাকাফের মতো শক্তিশালী কনফেডারেশনগুলো ফিফার নেতৃত্ব কাঠামোতে আমূল পরিবর্তনের দাবি জানিয়েছিল। এমনকি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। সাম্প্রতিক সময়ে গ্রিক ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মাকিস গাগাতসিস এবং জার্মানির সাবেক জাতীয় দল পরিচালক অলিভার বিয়ারহফসহ বেশ কয়েকটি ইউরোপীয় অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর সম্ভাব্য পুনঃনির্বাচনের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।
তবে আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল একাধিক সূত্র জানিয়েছে যে বর্তমান প্রেসিডেন্ট ইনফান্তিনোর পক্ষে এখনো চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে। ফলে বিরোধী পক্ষগুলোকে কৌশল পরিবর্তন করে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে হতে পারে। আগামী ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
