ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মে) ২৬ সদস্যের শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছেন দেশটির প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো। অভিজ্ঞ এবং তরুণ তুর্কিদের সমন্বয়ে গড়া এই দলটি বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন কোচ।দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে শার্লট এফসির অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমে ওপর।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামা এই অভিজ্ঞ খেলোয়াড়ের নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন পচেত্তিনো। দলের তরুণ খেলোয়াড়দের জন্য টিম রিমের অভিজ্ঞতা বিশ্বকাপে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। রক্ষণভাগের এই স্তম্ভের পাশাপাশি আক্রমণে নেতৃত্ব দেবেন এসি মিলানের তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ, ফ্লোরিয়ান বালোগুন এবং হাজি রাইট, যারা ইউরোপীয় ক্লাব ফুটবলে নিয়মিত নিজেদের ঝলক দেখাচ্ছেন।
গোলরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ এবং ম্যাট টার্নারকে। এছাড়া ডিফেন্স ও মাঝমাঠে সার্জিনো ডেস্ট, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসনের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছেন কোচ। মিডফিল্ডারের তালিকায় টাইলার অ্যাডামস, উইস্টন ম্যাককিনে এবং জিওভান্নি রেইনার উপস্থিতি দলের মাঝমাঠকে করে তুলেছে অনেক বেশি শক্তিশালী ও গতিময়।
কোচ পচেত্তিনো জানিয়েছেন, প্রতিটি পজিশনের জন্য তার কাছে একাধিক সেরা বিকল্প ছিল। বর্তমান স্কোয়াডে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে যাতে প্রতিপক্ষের শক্তির সাথে পাল্লা দিয়ে মাঠের প্রতিটি ইঞ্চি নিয়ন্ত্রণ করা যায়। ঘরের মাঠে দর্শক সমর্থনকে পুঁজি করে যুক্তরাষ্ট্র এবার দীর্ঘদিনের শিরোপার স্বপ্নপূরণের ভিত্তি গড়ে দিতে চায়।
আগামী জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স দেখার অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
