শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

থান্ডারকে উড়িয়ে এনবিএ প্লে-অফে সমতা ফেরাল স্পার্স

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৯, ২০২৬, ১২:৪৩ পিএম

থান্ডারকে উড়িয়ে এনবিএ প্লে-অফে সমতা ফেরাল স্পার্স

ভিক্টর ওয়েম্বানিয়ামার দুর্দান্ত পারফরম্যান্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওকলাহোমা সিটি থান্ডারকে বড় ব্যবধানে হারিয়েছে সান আন্তোনিও স্পার্স। বৃহস্পতিবার রাতে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালের ষষ্ঠ ম্যাচে ১১৮-৯১ ব্যবধানে জিতে সিরিজে ৩-৩ সমতা ফিরিয়েছে তারা। এই জয়ের ফলে এনবিএ ফাইনালের টিকিট নির্ধারণে দুই দলের সামনে এখন ভাগ্যনির্ধারণী সপ্তম ম্যাচের কঠিন সমীকরণ।সিরিজের ভাগ্য এখন ওকলাহোমা সিটির শেষ ম্যাচের কোর্টে।

ঘরের মাঠ ফ্রস্ট ব্যাংক সেন্টারে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সান আন্তোনিও স্পার্স। আগের ম্যাচে মাত্র ২০ পয়েন্ট করে তীব্র সমালোচনার মুখে পড়া ফরাসি সুপারস্টার ওয়েম্বানিয়ামা এদিন শুরু থেকেই ছিলেন বিধ্বংসী রূপে। প্রথম কোয়ার্টারেই দুর্দান্ত দুটি থ্রি-পয়েন্টার এবং একটি চোখধাঁধানো ব্লক করে দলকে ৯-২ ব্যবধানে এগিয়ে দেন এনবিএ-র সেরা এই রক্ষণাত্মক খেলোয়াড়। পুরো ম্যাচে তিনি একাই তুলে নেন ২৮ পয়েন্ট, সঙ্গে ছিল ১০টি রিবউন্ড ও ৩টি ব্লক।

স্পার্সের এই আগ্রাসী রূপের সামনে ওকলাহোমার তারকা শাই গিলগিয়াস-অ্যালেকজান্ডারকে বেশ নিষ্প্রভ দেখিয়েছে। আগের ম্যাচে ৩২ পয়েন্ট স্কোর করা এই খেলোয়াড়কে পুরো ম্যাচে মাত্র ১৫ পয়েন্টে আটকে রাখে সান আন্তোনিও স্পার্সের রক্ষণভাগ। প্রথম কোয়ার্টারে স্পার্সের রেকর্ড আটটি থ্রি-পয়েন্টার ওকলাহোমাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তবে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ গড়ে বিরতির ঠিক আগে ব্যবধান ৭ পয়েন্টে নামিয়ে এনেছিল থান্ডার।

কিন্তু তৃতীয় কোয়ার্টারে ওকলাহোমার আক্রমণভাগ যেন পুরোপুরি ভেঙে পড়ে। টানা ১৩টি ফিল্ড গোল মিস করে টানা সাত মিনিট কোনো স্কোর করতে পারেনি তারা। এই সুযোগে স্পার্স টানা ২০-০ ব্যবধানের একটি বিধ্বংসী রান নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ওকলাহোমা এই কোয়ার্টারে মাত্র ১৩ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, যা চলতি মৌসুমে তাদের যেকোনো কোয়ার্টারে সর্বনিম্ন স্কোরের রেকর্ড।

ম্যাচের শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগেই যখন স্পার্স ২৮ পয়েন্টে এগিয়ে যায়, তখন দুই দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রামে পাঠান কোচরা। সান আন্তোনিও স্পার্সের তরুণ তুর্কি ডিলান হার্পার বেঞ্চ থেকে এসে ১৮ পয়েন্ট এবং স্টেফন ক্যাসেল ১৭ পয়েন্ট যোগ করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ের পর বিজয়ী দলটির লক্ষ্য এখন নিউ ইয়র্ক নিক্স, যারা ইতিমধ্যেই এনবিএ ফাইনালের জন্য অপেক্ষা করছে।

banner
Link copied!