তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার এখন ঘরে ঘরে। তবে বর্ষাকালের হঠাৎ ঝড়-বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতের সময় এসি সচল রাখা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। বৈদ্যুতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় এসি চালানো কোনোভাবেই নিরাপদ নয় এবং এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।বজ্রপাতের সময় অতিরিক্ত ভোল্টেজ বা `সার্জ` এসির জন্য মারাত্মক।
বজ্রপাতের সময় বিদ্যুৎ লাইনে কয়েক লাখ ভোল্টের অতিরিক্ত বিদ্যুৎ হঠাৎ প্রবাহিত হতে পারে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টেজ বৈদ্যুতিক লাইনের মাধ্যমে সরাসরি এসি ইউনিটে প্রবেশ করে। এর ফলে এসির সংবেদনশীল সার্কিট ও কম্প্রেসর নিমিষেই পুড়ে যেতে পারে। এমনকি তীব্র শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটে ঘরে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।অনেকেই ভুলবশত মনে করেন, রিমোট দিয়ে এসি বন্ধ রাখলেই বৈদ্যুতিক ঝুঁকি কমে যায়।
প্রকৌশলীদের মতে, রিমোট দিয়ে এসি বন্ধ থাকা মানে কেবল `স্ট্যান্ডবাই` মোডে থাকা। এ অবস্থায় দেয়ালের সকেট এবং মূল বৈদ্যুতিক লাইনের সঙ্গে এসির সংযোগটি সচল থাকে। ফলে লাইনে কোনো অতিরিক্ত ভোল্টেজ বা সার্জ এলে তা রিমোট দিয়ে বন্ধ থাকা এসির সমান ক্ষতি করতে সক্ষম। তাই বজ্রপাতের সময় রিমোট দিয়ে বন্ধ রাখা যথেষ্ট নয়।
সম্পূর্ণ নিরাপত্তার জন্য রিমোট ব্যবহারের পাশাপাশি সকেট থেকে প্লাগটি খুলে ফেলা সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেসব এসির ক্ষেত্রে প্লাগ খোলা সম্ভব নয়, সেগুলোর জন্য ঘরের প্রধান সার্কিট ব্রেকার বা মেইন সুইচটি বন্ধ করে দেওয়া জরুরি। বৈরী আবহাওয়ায় এই সামান্য সচেতনতা কেবল আপনার দামি এসিটিকে রক্ষা করবে না, বরং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে।
