বুধবার, ২৭ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশ্মীরে মাঝআকাশে ক্যাবল কার বিকল, আটকা ৩০০ পর্যটক

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৬, ২০২৬, ১১:৩০ পিএম

কাশ্মীরে মাঝআকাশে ক্যাবল কার বিকল, আটকা ৩০০ পর্যটক

ভারতের জম্মু-কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে ভয়াবহ এক দুর্ঘটনার মুখে পড়েছেন পর্যটকরা। সোমবার (২৫ মে) যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশে হঠাৎ থমকে যায় জনপ্রিয় ক্যাবল কার বা গন্ডোলা পরিষেবা। এতে নারী ও শিশুসহ প্রায় ৩০০ পর্যটক বিভিন্ন ক্যাবিনের ভেতর আটকা পড়ে চরম আতঙ্কের শিকার হন।

ঘটনাটি পর্যটকদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার করে।

খবর পাওয়ার পরপরই ভারতীয় সেনাবাহিনী, স্থানীয় পুলিশ এবং বেসামরিক প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পর্যটকরা ক্যাবিনের ভেতর অসহায়ের মতো সাহায্যের অপেক্ষায় আছেন। উদ্ধারকারী দল অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আটকে পড়াদের নিচে নামিয়ে আনার কাজ সম্পন্ন করে।কারিগরি বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেয়।

উদ্ধারকারী এক কর্মকর্তা জানান, ক্যাবল কারের রোপওয়ের যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিভ্রাট ঘটে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, রোপওয়ে পরিষেবা সচল করতে দ্রুত কারিগরি মেরামত কাজ শুরু করা হয়।মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর কার্যালয় থেকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, সরকার পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল পর্যটক এখন সম্পূর্ণ নিরাপদ। প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সময়োচিত পদক্ষেপে কোনো বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গুলমার্গের এই গন্ডোলা প্রকল্পটি বিশ্বের অন্যতম উচ্চতম এবং আকর্ষণীয় ক্যাবল কার পরিষেবা হিসেবে সুপরিচিত। গ্রীষ্মকালীন মৌসুমে কাশ্মীর ভ্রমণে আসা হাজার হাজার পর্যটকের মূল আকর্ষণ এই ক্যাবল কার। তবে এবারের ঘটনায় পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

banner
Link copied!