বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি: ২০ দিনে ২.৬২ বিলিয়ন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২১, ২০২৬, ১০:৩৬ পিএম

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি: ২০ দিনে ২.৬২ বিলিয়ন

দেশে চলতি মে মাসের প্রথম ২০ দিনে ২৬২ কোটি ২০ লাখ বা ২ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সেই হিসাবে প্রতিদিন গড় রেমিট্যান্স আসছে ১৩ কোটি ডলারেরও বেশি। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, শুধু ২০ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি অর্থবছরের পরিসংখ্যানও বেশ ইতিবাচক।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।

এর আগে এপ্রিল মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

তার আগের মাসে অর্থাৎ মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমানে দেশের রেমিট্যান্স প্রবাহের এই গতি অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

banner
Link copied!