দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে আন্দ্রেয়াস হগবার্গকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১ জুন থেকে তার এই নতুন দায়িত্ব কার্যকর হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি মূলত কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলগত রূপান্তর কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং আগামী পাঁচ বছরের ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধান করবেন।টেলিকম ও প্রযুক্তি খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই হবে তার মূল কাজ।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস হগবার্গ কোম্পানির সামগ্রিক প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার এবং পরিচালন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। টেলিনর গ্রুপে ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস খাতে নরডিকস, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে তার ২১ বছরেরও বেশি দীর্ঘ আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি জুন ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বর্তমান বোর্ড সদস্য হিসেবেও যুক্ত আছেন।
নতুন এই নিয়োগকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, বাংলাদেশের টেলিকম বাজার একদিকে যেমন জটিল, অন্যদিকে তেমনি অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগে প্রাতিষ্ঠানিক রূপান্তর আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্দ্রেয়াস হগবার্গ নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকস থেকে তার উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং বিশ্বখ্যাত ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠান ইনসিয়াড থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
