তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। তবে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের চেয়েও বর্তমানে বেশি আলোচনা চলছে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি রহস্যময় সামাজিক মাধ্যম পোস্ট নিয়ে। সোমবার ইনস্টাগ্রামে তৃষার দেওয়া এই বার্তাটি বিজয়ের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জনকে নতুন করে উসকে দিয়েছে। ভক্ত ও নেটিজেনদের মাঝে এখন একটাই প্রশ্ন—পর্দার এই জনপ্রিয় জুটির রসায়ন কি বাস্তবেও অন্য কোনো মোড় নিচ্ছে?
শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই তৃষা তার পোস্টে লিখেছেন, “ভালোবাসা সবসময় সোচ্চার”। সেই সঙ্গে তিনি তার কাছের মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই বার্তাকে কেন্দ্র করেই মূলত জল্পনার সূত্রপাত। গত ১০ মে চেন্নাইয়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে বিজয়ের একেবারে নিকটতম সারিতে দেখা গিয়েছিল তৃষাকে। সেখানে বিজয়ের মায়ের পাশে বসে তাকে বেশ সাবলীল ও ঘনিষ্ঠ ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায়। বিশেষ করে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা গেছে বলে অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে তৃষার সম্পর্ক অত্যন্ত সহজ ও গভীর। থালাপতি বিজয়ের পরিবারের সাথে তার এই ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যগুলো ভক্তদের মনে পুরনো স্মৃতির জানলা খুলে দিয়েছে। ২০০৪ সালে ব্লকবাস্টার ছবি `ঘিল্লি` থেকে শুরু করে অতি সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত এই জুটির পর্দার রসায়ন সবসময়ই দর্শকদের মুগ্ধ করেছে। তবে পর্দার বাইরেও তাদের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে নানা গুঞ্জন চলে আসছে।
বিজয় যখন রাজনীতির ময়দানে পা রাখেন এবং বড় ধরনের সাফল্য অর্জন করেন, তখন তার পাশে তৃষার এই সরব উপস্থিতি অনেক ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক ও বিনোদন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে নানা মুখরোচক খবর শোনা গেলেও দুই তারকার কেউই কখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তৃষার এই সাম্প্রতিক `ভালোবাসার বার্তা` এবং বিজয়ের মায়ের সাথে তার সুসম্পর্ক অনেক গোপন সমীকরণ সামনে নিয়ে আসছে।
আপাতত তামিলনাড়ু নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমা ও রাজনীতির মোড়কে বিজয়-তৃষার এই ব্যক্তিগত রসায়ন সংবাদ শিরোনামে শীর্ষস্থান দখল করে আছে। তৃষার পোস্টটি কি কেবলই বন্ধুর সাফল্য উদযাপনের অংশ নাকি দীর্ঘদিনের লুকানো কোনো অনুরাগের বহিঃপ্রকাশ, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ভক্তরা এই `পাওয়ার কাপল`কে নিয়ে নিজেদের মতো করে জল্পনা চালিয়ে যাচ্ছেন এবং বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন।
