পবিত্র হজের মূল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি আরবের মক্কা নগরী ও এর আশপাশের এলাকা এখন ১৫ লাখেরও বেশি হাজির পদভারে মুখর। সোমবার ৮ জিলহজ সূর্যোদয়ের পর থেকেই হাজিরা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ শেষে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে এখন মুখরিত চারপাশ।মিনা এখন বিশাল এক তাঁবু শহর।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপত্তা ও সুবিধার্থে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মিনার তাঁবুগুলোতে হাজিরা অবস্থান করছেন এবং আজ জোহর থেকে আগামীকাল ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ এখানেই আদায় করবেন। তীব্র দাবদাহের কারণে সৌদি কর্তৃপক্ষ হাজিদের ছাতা ব্যবহার এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছে। মিস্ট ফ্যান ও শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টাও চলছে।গভীর আধ্যাত্মিকতায় কাটছে হাজিদের ৮ জিলহজের দিন।
হাজিরা এখন নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির ও ইস্তেগফারে মগ্ন। আগামীকাল মঙ্গলবার ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানে সমবেত হবেন। আরাফাতের ময়দানে অবস্থান হজের প্রধান ফরজ রোকন। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান শেষে মুজদালিফায় রাতযাপন এবং এরপর জামারায় কঙ্কর নিক্ষেপসহ বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
