পবিত্র কাবা শরীফের ঠিক মাথার ওপরে সূর্য অবস্থান করার এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে মক্কা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য যখন ঠিক কাবার চূড়ায় অবস্থান করে, তখন সেখানে কোনো বস্তুর ছায়া পড়েনি। মহাকাশ পর্যবেক্ষকদের মতে, হজের দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি ৩৩ বছর পর ঘটল।
দৃশ্যটি ছিল অত্যন্ত বিরল।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্য অনুযায়ী, এই সময়ে সূর্যের কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল। এই অবস্থানের ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে কিবলার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব।
প্রাচীনকাল থেকেই মুসলিমরা এই দিনটিকে কিবলার দিক যাচাইয়ের জন্য সবচেয়ে নির্ভুল মাধ্যম হিসেবে গণ্য করেন। প্রযুক্তি বা আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতিতেও এই মহাজাগতিক মুহূর্তটি বিশ্বজুড়ে মসজিদগুলোর কিবলার সঠিক অবস্থান নিশ্চিত করতে সহায়তা করে।
এর আগে ১৯৯৩ সালে আরাফাতের দিনে এমন মহাজাগতিক ঘটনা ঘটেছিল। আধুনিক বিজ্ঞানের যুগেও এই পদ্ধতিকে ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দিক থেকেই অত্যন্ত নির্ভরযোগ্য বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা।
