সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

যুদ্ধকালীন প্রথম ভোট

শান্তির পক্ষে‍‍` ব্যালট বাতিল করে রুশ বিরোধী নেতার প্রতিবাদ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৮:৪৭ পিএম

শান্তির পক্ষে‍‍` ব্যালট বাতিল করে রুশ বিরোধী নেতার প্রতিবাদ

ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত টানা তিন দিন দেশটির আইনসভার নিম্নকক্ষ স্টেট দুমার ৪৫০টি আসনে এই ভোটগ্রহণ হয়। সরকারি বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, গণনাকৃত ভোটের ৯০ দশমিক ৪৩ শতাংশ ব্যালটে ক্ষমতাসীন দলটি নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে।

ভোটের ফল অনুমিত পথেই হাঁটছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে, রবিবার রাত পর্যন্ত মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৭ শতাংশের নিচে। দলীয় তালিকার মাধ্যমে নির্ধারিত ২২৫টি আসনের গণনায় ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। দেশটির একক নির্বাচনী আসনগুলোতেও বাকি ২২৫ জন আইনপ্রণেতার মধ্যে সিংহভাগই পুতিনের দলের নিয়ন্ত্রণে যাচ্ছে বলে আভাস মিলেছে। রাশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ৩৬ লাখের বেশি নাগরিক এবার অনলাইনে ভোট দিয়েছেন। এর মধ্যে ২০২২ সালে ইউক্রেন থেকে সংযুক্ত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজঝিয়া এবং ২০১৪ সালে সংযুক্ত ক্রিমিয়ার বাসিন্দারাও ছিলেন, যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এসব এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

সংসদে মূলত ক্রেমলিন ঘেঁষা অন্যান্য দলগুলোও প্রাথমিক গণনায় উল্লেখযোগ্য আসন পেতে যাচ্ছে। রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি ১৩ দশমিক ৮৪ শতাংশ, কট্টর জাতীয়তাবাদী লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৮ দশমিক ৯ শতাংশ, নিউ পিপল ৭ দশমিক ৯৪ শতাংশ এবং আ জাস্ট রাশিয়া ৪ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়েছে। তবে অর্থনৈতিক টানাপোড়েন ও যুদ্ধকালীন বাস্তবতায় অনুমোদিত এসব বিকল্প বিরোধী দলের দিকেও ভোটারদের একাংশের অসন্তোষের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে যুদ্ধবিরোধী অবস্থানের মূল প্রার্থীদের ব্যালটের বাইরে রাখা হয়েছিল। উদারপন্থী ইয়াবলোকো দলের দুই জ্যেষ্ঠ নেতা আগেই কারাদণ্ডপ্রাপ্ত হওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতারের তীব্র শঙ্কা ছিল। তা সত্ত্বেও দলটির প্রধান নিকোলাই রিবাকভ ভোটকেন্দ্রে প্রকাশ্যে নিজের ব্যালটে দলের নাম এবং ‍‍`শান্তির পক্ষে‍‍` স্লোগান লিখে কাগজটি বাতিল করে প্রতিবাদ জানান। দেশটির নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে শুরু করলেও চূড়ান্ত ফল আগামী শুক্রবারের আগে পুরোপুরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা নেই।

banner
Link copied!