বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নর্ড স্ট্রিম অন্তর্ঘাত

নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণ: জার্মানিতে ইউক্রেনীয় সেনার বিচার শুরু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ১৪, ২০২৬, ০৪:০০ পিএম

নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণ: জার্মানিতে ইউক্রেনীয় সেনার বিচার শুরু

রাশিয়া ও জার্মানির সংযোগকারী নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে ২০২২ সালের সেপ্টেম্বরের হামলার ঘটনায় এক ইউক্রেনীয় সেনার বিচার শুরু হয়েছে। বুধবার জার্মানির হামবুর্গের একটি আদালতে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

অভিযুক্ত সের্হি কুজনেতসভ ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা। বেসামরিক অবকাঠামোতে হামলা, বিস্ফোরণ ঘটানো, সম্পত্তিহানি এবং জনসেবায় বিঘ্ন ঘটানোর মাধ্যমে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

জার্মান গোপনীয়তা আইন অনুযায়ী বিচার চলাকালে আসামির নাম শুধু সের্হি কে হিসেবে উল্লেখ করার নিয়ম রয়েছে। তবে প্রত্যার্পণ আদেশে তাঁর পুরো নাম ব্যবহার করা হয়েছিল।

তদন্তকারীদের অভিযোগ, তিনি অন্তত চারটি অগ্নিসংযোগকারী যন্ত্র প্রস্তুত ও বিস্ফোরণ ঘটানোর কাজে অংশ নেন। বাল্টিক সাগরের প্রায় ৮০ মিটার গভীরে ডেনমার্কের বোরহলম দ্বীপের কাছাকাছি এসব বিস্ফোরক স্থাপন করা হয়েছিল।

তদন্তে জানা যায়, তিনি আরও ছয় সহযোগীর সঙ্গে মিলে এই অভিযান পরিচালনা করেছিলেন। প্রসিকিউটরদের মতে, এই দলে চারজন গভীর জলের ডুবুরি, একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং একজন জাহাজের ক্যাপ্টেন ছিলেন, যারা একটি ভাড়াকৃত প্রমোদতরি ও টাইমারযুক্ত বিস্ফোরক ব্যবহার করেছিলেন।

কুজনেতসভ এবং তাঁর দেশ ইউক্রেন উভয় পক্ষই এই হামলায় কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর এই বিস্ফোরণগুলো ঘটেছিল, যার ফলে রাশিয়ার ভাইবর্গ ও জার্মানির গ্রেইফসওয়াল্ডের লুবমিনের মধ্যবর্তী গ্যাস পাইপলাইনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই বিস্ফোরণে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যা মস্কো ২০২২ সালের আগস্টে সরবরাহ বন্ধ করার আগে জার্মানির প্রধান গ্যাস সরবরাহের পথ ছিল। এছাড়া নর্ড স্ট্রিম ২ পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়, যা চালুর জন্য প্রস্তুত থাকলেও জার্মানি অনুমোদন প্রক্রিয়া স্থগিত করায় কখনো চালু করা হয়নি।

গত আগস্ট মাসে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ইতালিতে পারিবারিক ছুটিতে যাওয়ার সময় কুজনেতসভকে গ্রেপ্তার করা হয়। ইতালীয় পুলিশ জানায়, তিনি কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করেছিলেন। আইনি লড়াই ব্যর্থ হওয়ার পর গত নভেম্বর মাসে তাঁকে জার্মানিতে প্রত্যার্পণ করা হয়।

অপর এক সন্দেহভাজন ভলোদিমির ঝুরাভলিভকে গত আগস্ট মাসে উত্তর ক্রয়েশিয়ায় একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানামূলে ধরা হয়। তিনি ক্রয়েশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে প্রত্যার্পণ ঠেকানোর আইনি লড়াই চালাচ্ছেন এবং অন্তর্ঘাতে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

জার্মান রাষ্ট্রীয় প্রসিকিউটররা গত জুলাই মাসে অভিযোগ করেছিলেন যে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ চিরতরে বন্ধ করতে এবং রাশিয়াকে যুদ্ধ তহবিলের জোগান দেওয়া থেকে বিরত রাখতে এই অভিযানের নির্দেশ দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশের এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

হামবুর্গের আদালত সহ-বাদী হিসেবে যোগ দেওয়ার রুশ পক্ষের একটি আবেদন খারিজ করে দিয়েছে। রাশিয়ার গ্যাজপ্রম কোম্পানি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির কথা বলে এই আবেদনে অংশ নিতে চেয়েছিল, তবে আদালত রায় দেন যে পাইপলাইন মেরামত ব্যয়বহুল হলেও তা অর্থনৈতিকভাবে অসম্ভব নয়।

হামবুর্গের হ্যান্সিয়েটিক উচ্চ আঞ্চলিক আদালতে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ১৬টি শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আরও শুনানির দিন নির্ধারিত রয়েছে।

banner
Link copied!