শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেল্টিকের কোচ হিসেবে রবি কিনের সম্ভাব্য নিয়োগে সমর্থকদের তীব্র ক্ষোভ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ৫, ২০২৬, ০৭:৫০ পিএম

সেল্টিকের কোচ হিসেবে রবি কিনের সম্ভাব্য নিয়োগে সমর্থকদের তীব্র ক্ষোভ

ছবি : সংগৃহীত

স্কটিশ জায়ান্ট সেল্টিক এফসি’র নতুন ম্যানেজার হিসেবে সাবেক আইরিশ স্ট্রাইকার রবি কিনের নাম আলোচনায় আসায় ক্লাবটির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমর্থকদের এই ক্ষোভের মূল কারণ কিনের সঙ্গে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের অতীত সম্পৃক্ততা। গাজায় চলমান যুদ্ধের মধ্যে তিনি ইসরায়েলি ওই ক্লাবের দায়িত্ব পালন করায় সেল্টিকের প্রগতিশীল এবং ফিলিস্তিনপন্থী সমর্থকরা তাকে কোচ হিসেবে মেনে নিতে নারাজ। গত কয়েক দিনে গ্লাসগোতে ক্লাবের স্টেডিয়ামের বাইরে এই নিয়োগের বিরোধিতা করে গ্রাফিতি এবং ব্যানার দেখা গেছে।

রবি কিন একসময় সেলটকি ক্লাবের হয়ে ধারে খেলেছিলেন এবং তিনি আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন। ক্লাবের প্রধান শেয়ারহোল্ডার ডারমট ডেসমন্ডের সঙ্গে কিনের আলোচনা চলছে বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই মূলত বিতর্কটি শুরু হয়। এর প্রতিক্রিয়ায় সেলটিক সমর্থকদের ৬৭টি বিভিন্ন গ্রুপ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, কিনকে নিয়োগ দেওয়া হলে তা সমর্থকদের মধ্যে বড় ধরনের বিভাজন তৈরি করবে। তারা ক্লাব বোর্ডকে সমর্থকদের উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে এবং কিনের নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

সেলটিক সমর্থকদের ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের দীর্ঘ ইতিহাস রয়েছে। খেলার মাঠে প্রায়ই ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় তাদের। সমর্থকদের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যখন গণহত্যা চলছে, তখন কিনের মাকাবি তেল আবিবের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাদের মতে, যখন একই দেশ থেকে কয়েক মাইল দূরে বেসামরিক মানুষের ওপর নির্বিচারে মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, তখন সেখানে কোচ হিসেবে কাজ করা বিবেকবর্জিত। সমর্থকরা মনে করেন, সেলটিক ক্লাবটি দুর্ভিক্ষ, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য বহন করে, কিনের নিয়োগ সেই ঐতিহ্যের পরিপন্থী।

তবে নিজের অতীত ভূমিকার বিষয়ে রবি কিনের যুক্তি ভিন্ন। তিনি দাবি করেছেন, মাকাবি তেল আবিবের দায়িত্ব পালনকালে তিনি তার স্টাফ ও খেলোয়াড়দের প্রতি দায়িত্ববোধ থেকে ওই সময়টি অতিবাহিত করেছিলেন। কিনের ভাষ্যমতে, তার সাথে থাকা অনেক বিদেশি খেলোয়াড় ও সহকর্মী তার ওপর নির্ভরশীল ছিলেন, তাই দায়িত্ব ফেলে মাঝপথে চলে আসা তার পক্ষে সম্ভব ছিল না। ২০২৩ সালের জুন মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি ক্লাবটিকে লিগ ও কাপ জয়ী করেছিলেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি পদত্যাগ করেন এবং হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসে যোগ দেন।

বর্তমানে সেল্টিকের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে মার্টিন ও’নিল দলকে স্কটিশ প্রিমিয়ারশিপ শিরোপা এবং স্কটিশ কাপ জিতিয়েছেন। ও’নিলের সাফল্য সত্ত্বেও ক্লাব কর্তৃপক্ষ কিনের দিকে ঝুঁকে থাকায় সমর্থকদের অসন্তোষ আরও বাড়ছে। সেলটিক সমর্থকরা স্পষ্টভাবে জানিয়েছেন, কিনের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে কোচ হিসেবে নিয়োগ দিলে তারা ক্লাব বয়কট করার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না। এখন দেখার বিষয়, সমর্থকগোষ্ঠীর এই তীব্র চাপের মুখে ক্লাব বোর্ড তাদের সিদ্ধান্তে অটল থাকে নাকি জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্য কোনো বিকল্প খুঁজে বের করে।

banner
Link copied!