বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপ দেখলেই মিলবে মোটা অঙ্কের টাকা, জানুন বিস্তারিত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ৬, ২০২৬, ০৯:৫০ পিএম

বিশ্বকাপ দেখলেই মিলবে মোটা অঙ্কের টাকা, জানুন বিস্তারিত

ফুটবল ভক্তদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে? গ্যালারিতে বসে বা টিভির সামনে বসে খেলা দেখা তো নিয়মিত নেশা, কিন্তু যদি বলা হয় এই খেলা দেখার বিনিময়েই পকেটে ঢুকবে প্রায় ৬১ লাখ টাকা? বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে এমনই এক রোমাঞ্চকর উদ্যোগ নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস ও চাকরির খোঁজার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনডিড। তারা এমন একজন ফুটবলপ্রেমী খুঁজছে যার কাজ হবে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবং ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। এই দীর্ঘ পথচলায় ফক্স স্পোর্টস তাদের সম্প্রচার কার্যক্রমকে আরও আকর্ষণীয় করতে একজন ‘ডেডিকেটেড’ ভক্ত নিয়োগ দিচ্ছে। নির্বাচিত ব্যক্তিকে ৫০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হবে, যা বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে বাংলাদেশি টাকায় প্রায় ৬১ লাখ টাকারও বেশি।

তবে এই চাকরিটি ঘরের সোফায় বসে করার সুযোগ নেই। ফক্স স্পোর্টসের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ারে বিশেষভাবে তৈরি একটি কাঁচের কিউবের ভেতরে থাকতে হবে। সেখানে বসেই তাকে ফক্স ওয়ান প্ল্যাটফর্মে বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটি সরাসরি দেখতে হবে। বিষয়টি কেবল খেলা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; তাকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরি করতে হবে এবং তার অভিজ্ঞতার কথা বিশ্ববাসীকে জানাতে হবে। যাতে টাইমস স্কয়ার দিয়ে প্রতিদিন যাতায়াত করা হাজারো পর্যটক ও ফুটবল ভক্ত এই উৎসবের আবহ সরাসরি অনুভব করতে পারেন।

চাকরি দাতা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি কেবল একটি কাজ নয় বরং জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা। আগ্রহীরা ইনডিড ডট কমের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ফুটবলের প্রতি প্রচণ্ড আবেগ থাকতে হবে এবং জনসম্মুখে নিজের অভিজ্ঞতা তুলে ধরার মানসিকতা থাকতে হবে। আগামী ৬ জুন একটি মেজর লিগ বেসবল ম্যাচ চলাকালীন এই বিশেষ চাকরির জন্য মনোনীত ভাগ্যবান ব্যক্তির নাম ঘোষণা করা হবে।

এবারের বিশ্বকাপ অনেক কারণেই অনন্য। এর আগে কখনো কোনো বিশ্বকাপে এত বেশি দল এবং এত বেশি ম্যাচ দেখা যায়নি। টুর্নামেন্ট শুরুর আগেই এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম ফুটবল বিশ্বের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যারা ভাবছেন বিশ্বকাপের টিকিট বা যাতায়াতের খরচ কীভাবে জোগাবেন, তাদের জন্য এটি একটি ‘ড্রিম জব’ হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে মনে রাখতে হবে, সারা বিশ্ব থেকে অসংখ্য আবেদন জমা পড়ার সম্ভাবনা থাকায় প্রতিযোগিতা হবে অত্যন্ত তীব্র। ফক্স স্পোর্টস এবং ইনডিড কর্তৃপক্ষের মতে, তারা এমন কাউকে খুঁজছেন যিনি কেবল খেলা দেখেন না, বরং ফুটবলকে হৃদয়ে ধারণ করেন।

banner
Link copied!