অধিকাংশ মানুষ ব্যায়াম হিসেবে কার্ডিও বা দৌড়ঝাঁপকে বেশি গুরুত্ব দিলেও বয়সের সঙ্গে সুস্থ থাকতে ভারোত্তোলন বা শক্তি অনুশীলন অত্যন্ত জরুরি। ম্যাকমাস্টার ইউনিভার্সিটির পেশি শারীরবৃত্তবিদ্যার গবেষক স্টুয়ার্ট ফিলিপস এ বিষয়টিকে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একরকম উপেক্ষিত অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, অনেকেই হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে দৌড় বা সাইক্লিং করেন, কিন্তু পেশির শক্তি বাড়াতে নিয়মিত ভারোত্তোলনের কোনো বিকল্প নেই। নিয়মিত কার্ডিও ব্যায়াম মানুষের আয়ু বাড়াতে সাহায্য করলেও, শক্তি অনুশীলন বা রেজিস্ট্যান্স ট্রেনিং বার্ধক্যের সময় জীবনযাত্রার মান উন্নত নিশ্চিত করে।
আইওয়া বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ জেস গোরজেলিটজ জানান, যারা কোনো ধরনের ব্যায়াম করেন না, তাদের তুলনায় যারা নতুন করে ভারোত্তোলন শুরু করেন, তারা সবচেয়ে বেশি স্বাস্থ্যগত সুবিধা পেয়ে থাকেন। যারা এতদিন ব্যায়ামের সঙ্গে পরিচিত ছিলেন না, তাদের জন্য বার্তাটি বেশ স্পষ্ট যে, যেকোনো বয়সেই এই যাত্রা শুরু করা সম্ভব। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বিশ থেকে ত্রিশ মিনিট করে এই অনুশীলন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারোত্তোলন বা শক্তি অনুশীলনের জন্য সবসময় জিমে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই সাধারণ কিছু ব্যায়ামের মাধ্যমে এটি শুরু করা সম্ভব। শরীরের নিচের অংশের জন্য সিট-টু-স্ট্যান্ড, স্কোয়াট বা লাঞ্জেস জাতীয় ব্যায়াম বেশ কার্যকর। শরীরের উপরের অংশের পেশি গঠনের জন্য দেয়ালের সাহায্যে পুশ-আপ বা স্ট্যান্ডার্ড পুশ-আপ করা যেতে পারে। এছাড়া রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে পেশির টান তৈরি করার ব্যায়ামও শরীরের জন্য উপকারী। কোর বা শরীরের মধ্যভাগের পেশি শক্তিশালী করতে প্ল্যাঙ্ক বা ওজন নিয়ে হাঁটার মতো ব্যায়াম করা যেতে পারে।
শরীরচর্চার শুরুতে নিজের শরীরের ওজনকে কাজে লাগিয়ে ব্যায়াম করা সবচেয়ে সহজ। তবে দক্ষতা বাড়লে পানির বোতল বা ঘরে থাকা ভারী কোনো বস্তু ব্যবহার করে ওজনের মাত্রা বাড়িয়ে নেওয়া যেতে পারে। যারা নিয়মিত জিমে যান, তাদের জন্য বারবেল স্কোয়াট, বেঞ্চ প্রেস এবং ডেডলিফটের মতো বড় ধরনের নড়াচড়া সম্পন্ন ব্যায়ামগুলো শরীরের সম্পূর্ণ পেশিকে লক্ষ্য করে কাজ করে। বিশেষ করে পিঠের পেশি বা ব্যাক স্ট্রেন্থ মেরুদণ্ডের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী ব্যথা রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নিয়মে নিয়মিত এই ব্যায়ামগুলো করলে কেবল শারীরিক সক্ষমতাই বাড়ে না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে।
