ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সোমবার সন্ধ্যায় জেরুজালেমের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে তাকে নেওয়া হয়। ৭৬ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনার মধ্যেই এই ঘটনা ঘটল।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং চিকিৎসা শেষে রাতেই তিনি বাসায় ফিরে গেছেন। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে তিনি বেশ সমালোচনার মুখে পড়েছেন, যা তার সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।গত মাসেই তিনি ক্যান্সারের অস্ত্রোপচারের কথা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু জানান, হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের জন্য তিনি সফল অস্ত্রোপচার করিয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির কারণে তিনি এই খবরটি প্রকাশে বিলম্ব করেছিলেন বলে দাবি করেন। তবে প্রকাশিত বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনের অস্পষ্টতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে বিতর্ক এখনো তুঙ্গে।স্বাস্থ্য নিয়ে বিতর্ক অনেক পুরোনো।
২০২৩ সালের জুলাই মাসে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিল, তবে সে সময় তার কার্যালয় থেকে কেবল পানিশূন্যতার কথা জানানো হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের মার্চে হার্নিয়া এবং ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের মতো জটিল অস্ত্রোপচার করেছেন তিনি। তার প্রতিটি স্বাস্থ্যগত ঘটনার ধরণ নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে এক ধরনের ধোঁয়াশা প্রায়ই দেখা যায়।
এখন দেখার বিষয়, নতুন এই চিকিৎসা পরবর্তী সময়ে দেশটির রাজনীতিতে তার অবস্থান ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে কোনো প্রশ্নের জন্ম দেয় কি না। আপাতদৃষ্টিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও, তার স্বাস্থ্য নিয়ে ইসরায়েলি জনগণের মনে সংশয় রয়েই গেছে।
