বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফিফা গভর্ন্যান্স সংকট

ফিফা কাউন্সিলে তোপের মুখে ইনফান্তিনো: গভর্ন্যান্স ও আর্থিক অস্বচ্ছলতা নিয়ে জেরা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ১৪, ২০২৬, ০৬:০০ পিএম

ফিফা কাউন্সিলে তোপের মুখে ইনফান্তিনো: গভর্ন্যান্স ও আর্থিক অস্বচ্ছলতা নিয়ে জেরা

ফিফার একটি বাতিল হওয়া বিশ্বকাপ বিক্রি পরিকল্পনা, ফোলারিন বালোগুন বিতর্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে ধরছেন ফিফা কাউন্সিলের সদস্যরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জুরিখের সদর দপ্তরে বৃহস্পতিবার এক উত্তপ্ত বৈঠকে এসব বিষয়ে আলোচনা শুরু হয়।

গ্রীষ্মকালে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাব সামনে আসার পর কাউন্সিল সদস্যদের পক্ষ থেকে জরুরি সাধারণ সভা ডাকার অনুরোধ বারবার প্রত্যাখ্যান করেছিলেন ফিফা সভাপতি। ওই কেলেঙ্কারির পর এই প্রথম সমালোচকদের মুখোমুখি হচ্ছেন তিনি। বৈঠকে তীব্র বাদানুবাদ হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এক অংশগ্রহণকারী।

সুইজারল্যান্ডের এই বৈঠকে উপস্থিত রয়েছেন আলেক্সান্দার সেফেরিন, ভিক্টর মনতাগ্লিয়ানি এবং শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের এই তিন সভাপতি অতীতে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছিলেন। এবার তারা ফিফার গভর্ন্যান্সের স্বাধীন পর্যালোচনার দাবি জোরালো করতে প্রস্তুতি নিচ্ছেন।

সেফেরিন, মনতাগ্লিয়ানি ও সালমানের পাঠানো চিঠির জবাবে ফিফার ভবিষ্যৎ গভর্ন্যান্সের স্বাধীন পর্যালোচনার নির্দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনফান্তিনো। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এই তদন্ত আদৌ নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কর্মকর্তারা।

এন্টারপ্রাইজ প্রস্তাব, বালোগুন এবং শান্তি পুরস্কারের পাশাপাশি আর্থিক অস্বচ্ছলতা নিয়েও ইনফান্তিনোকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে প্রায় ১৩ লাখ পাউন্ডের একটি দ্বিতীয় বেতন নিয়েছেন তিনি। ফিফার অ্যাকাউন্টে ঘোষিত ৩৯ লাখ পাউন্ডের বাইরে ছিল এই অর্থ।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সেবার নথি অনুযায়ী, গত গ্রীষ্মের টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা ফিফার একটি অঙ্গসংস্থা ইনফান্তিনোকে ১৭ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছে। ফিফার বার্ষিক প্রতিবেদনে এই অর্থপ্রদানের কোনো উল্লেখ ছিল না। বার্ষিক প্রতিবেদনে তার বেতন দেখানো হয়েছে ৪২ লাখ ৭০ হাজার সুইস ফ্রাঁ, যা ৩৮ লাখ ৮০ হাজার পাউন্ডের সমান।

ফিফার সংবিধি অনুযায়ী, ফিফার সভাপতির ব্যক্তিগত পারিশ্রমিক জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক। তবে এই অর্থপ্রদানের সঙ্গে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থটি।

ফিফা জানিয়েছে, তারা সভাপতিকে কোনো দ্বিতীয় বেতন দেয় না এবং পারিশ্রমিকসংক্রান্ত সব রিপোর্টিং নিয়ম কঠোরভাবে মেনে চলে। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, সভাপতির বার্ষিক পারিশ্রমিক এবং অন্যান্য চুক্তিভিত্তিক সুবিধা নির্ধারণ করে স্বাধীন পারিশ্রমিক উপকমিটি।

আর্থিক তথ্য প্রকাশে ব্যর্থতা এবং সংবিধি লঙ্ঘনের যেকোনো দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ফিফা। তাদের দাবি, হিসাবের খাতা স্বাধীনভাবে নিরীক্ষা করা হয় এবং সমস্ত বিবরণী সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের কর আইন অনুযায়ী প্রস্তুত করা হয়।

এই বিতর্ক এবং ইউরোপীয়, এশিয়ান ও উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান কনফেডারেশনের প্রকাশ্য বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন ইনফান্তিনো। কনকাকাফের সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার দিকে মনোনিবেশ করতে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মনতাগ্লিয়ানি।

অন্যদিকে উয়েফাও এখনো কোনো বিকল্প প্রার্থী খুঁজে পায়নি। ইউরোপীয় কর্মকর্তারা আর্সেন ওয়েঙ্গার এবং লন্ডন সিটি লায়নেসসহ বেশ কয়েকটি ক্লাবের মালিক মিশেল কাংয়ের মতো হাই-প্রোফাইল ফুটবল ব্যক্তিত্বদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশের শেষ তারিখ ১৮ নভেম্বর এবং আগামী ১৮ মার্চ রাবাতে ফিফা কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

banner
Link copied!