বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৭, ২০২৬, ১১:৫৩ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর বড় এই উৎসবে সকাল থেকেই ঈদের নামাজ, কোরবানি এবং হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন লাখো মানুষ। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদকে কেন্দ্র করে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখ মুসল্লি এবার হজে অংশ নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল স্তম্ভ ‘উকুফে আরাফা’ পালন করেছেন হাজিরা। ইহরাম পরিহিত লাখো মুসল্লির তওবা, ইস্তিগফার আর ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক আরাফাতের ময়দান। সেখানে সমবেত হয়ে হাজিরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও ক্ষমা প্রার্থনা করেন।

ঐতিহাসিক নামিরা মসজিদে হজের মূল খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ঐক্য রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অমুসলিম ও অন্যান্য ভাষার মানুষের কাছে হজের বাণী পৌঁছে দিতে এবারও বাংলাসহ মোট ৩৫টি ভাষায় এই খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হয়েছে।

আরাফাতের ময়দানে অবস্থান শেষে সূর্যাস্তের পর হাজিরা চলে যান মুজদালিফায়। সেখানে তারা খোলা আকাশের নিচে রাত যাপন করেন এবং মিনার জামারায় নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর বা পাথর সংগ্রহ করেন। বুধবার ভোর থেকেই মিনায় পৌঁছে বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু করেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষ করে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি এবং মাথার চুল কাটার মাধ্যমে হজের মূল দায়িত্ব সম্পন্ন করছেন তারা।

হজযাত্রীদের নিরাপত্তা, যাতায়াত এবং তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষার জন্য সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ এবার বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

banner
Link copied!