গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার সময় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল এই হামলা চালিয়েছে।মঙ্গলবারের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাগাজির পূর্বাঞ্চলে একদল নাগরিককে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলাটি চালানো হয়েছে। আল-আকসা মার্টার্স হাসপাতাল কর্তৃপক্ষ এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, মাগাজি শিবিরে কথিত ইসরায়েল-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমের বিপরীতে ফিলিস্তিনিদের ওপর এই হামলা চালানো হয়। গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, এই হামলা ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। কথিত ওই সশস্ত্র গোষ্ঠীটি হামলার পর নির্বিঘ্নে এলাকা ত্যাগ করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।খান ইউনিসে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গত অক্টোবর থেকে মার্কিন ও কাতার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
