পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীর জন্য একটি ব্যাপক ও বহুমুখী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি। ইবাদতকারীদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ এবং সহজতর করার লক্ষ্যে এই বছর ১০টি কৌশলগত স্তম্ভ এবং ১০০টিরও বেশি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বিশাল কর্মযজ্ঞের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের জন্য একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
এই নতুন পরিকল্পনার আওতায় শিক্ষামূলক কর্মসূচি ধর্মীয় নির্দেশনা এবং কাউন্সেলিং সেবাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া পবিত্র কুরআন মুখস্থকরণ কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বহুভাষিক অনুবাদ পরিষেবাকে শক্তিশালী করা হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী হাজি ও মুসল্লিরা সহজেই ধর্মীয় দিকনির্দেশনা এবং খুতবার অনুবাদ নিজেদের ভাষায় বুঝতে পারবেন। প্রেসিডেন্সি পবিত্র মাসজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালানো এবং কুরআন ও শিক্ষামূলক উপকরণ বিতরণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোও চূড়ান্ত করেছে।
সৌদি আরবের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রমজানে আগত অতিথিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল প্রযুক্তিগত অবকাঠামো এবং অপারেশনাল সিস্টেমগুলো পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা প্রদানের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে রমজানের শেষ দশ দিনের বাড়তি চাপ সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যা মুসল্লিদের নিরাপদ ইবাদতের নিশ্চয়তা দেবে। সামগ্রিকভাবে এই পরিকল্পনাটি সৌদি সরকারের ভিশন ২০৩০-এর সাথে সামঞ্জস্য রেখে হাজিদের সেবার মান বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :